সেনাকর্মীর বাড়িতে CBI-হানা! আর্থিক তছরুপের অভিযোগ, আঁতকে উঠল পরিবার

পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার ছাতিন্দা গ্রামে কর্মরত এক সেনাকর্মীর বাড়িতে হানা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ ৬ জন সিবিআই আধিকারিকের একটি দল সেনা বিভাগের অ্যাকাউন্টেন্ট মৃন্ময় ঘোষের বাড়িতে প্রবেশ করে এবং রাত দেড়টা পর্যন্ত সেখানে তল্লাশি চালায়। একই সময়ে অসমের গুয়াহাটিতে মৃন্ময় ঘোষের কর্মস্থলেও তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।
সূত্রের খবর, গুয়াহাটিতে কর্মরত থাকাকালীন মৃন্ময় ঘোষের বিরুদ্ধে আর্থিক তছরুপের একটি অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতেই সিবিআই আধিকারিকরা কোলাঘাটের পৈতৃক বাড়ি এবং গুয়াহাটির ফ্ল্যাটে একযোগে তল্লাশি অভিযান চালান। তল্লাশিতে সিবিআই আধিকারিকরা বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নথি ও এলআইসির কাগজপত্র বাজেয়াপ্ত করেছেন বলে জানা গেছে।
তবে, সেনাকর্মীর পরিবারের সদস্যরা এই ঘটনায় হতবাক। তাদের দাবি, মৃন্ময়কে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তারা আরও জানান, তাদের ছেলে কোনও রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা মৃন্ময়ের সঙ্গে যোগাযোগ করতে পারেননি বলেও জানিয়েছেন।
সিবিআই-এর এই আকস্মিক তল্লাশি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে বিস্তারিত জানার জন্য উৎসুক হয়ে রয়েছেন। তবে, সিবিআই আধিকারিকরা তল্লাশির বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার পরই আসল তথ্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে।