“দুশ্চিন্তা করবেন না”… যোগ্যদের ভবিষ্যৎ নিয়ে কি রায় দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

চাল থেকে কাঁকর আলাদা করা যায়নি। এই যুক্তিতে কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে ২০১৬ সালের SSC-র পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই রায়ের পরেই রাজ্যজুড়ে নেমে এসেছে হাহাকার। কেন মুষ্টিমেয় কয়েকজনের নজিরবিহীন দুর্নীতির ফল ভোগ করতে হবে হাজার হাজার যোগ্য মানুষ ও তাদের পরিবারকে, এই প্রশ্ন এখন বাংলার ঘরে ঘরে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে বিজেপি ও সিপিএম-কে নিশানা করেছেন।

২০২১ সালে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায় ঠেলতে গিয়ে নিশানা করেছেন সেই প্রাক্তন বিচারপতি তথা অধুনা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী বলেন, “আরও একটি বিষয়, প্রথমে এই রায় দিয়েছিলেন একজন বিচারপতি। তিনি বিজেপির সাংসদ। সাম গাঙ্গুলি না ডাঙ্গুলি, আমি ঠিক জানি না আসল নামটা। পরে জেনে নেব। আমি কাউকে অ্যাটাক করার জন্য বলছি না। আজ তারা কোন মুখে বড়বড় কথা বলে? তাদের দায়বদ্ধতা ছিল না।”

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের উত্তর দিতে দেরি করেননি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি কড়া ভাষায় জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রীকে। প্রাক্তন বিচারপতি বলেন, “এত বড় ধাক্কা তো উনি পাননি এর মধ্যে…ওই ভদ্রমহিলা আসলে জোচ্চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছেন।”

অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনও মনে করেন, চাল থেকে কাঁকর আলাদা করা সম্ভব এবং তার উপায়ও রয়েছে। প্রাক্তন বিচারপতির স্পষ্ট বক্তব্য, “সেগ্রিগেশন করা সম্ভব তো! আমি আজও এখানে দাঁড়িয়ে বলছি, সেগ্রিগেশন করা সম্ভব। আমরা ক্ষমতায় আসব, সেগ্রিগেশন করে দেখিয়ে দেব। উনি তো রেকর্ড লুকিয়ে ফেলতে পারবেন না। সে-রেকর্ড হাইকোর্টের কাছে আছে। আমার বেঞ্চেই তো ছিল সেই রেকর্ডগুলো। আমার উপরে ওনার এত রাগ একটাই কারণে, ওনার জোচ্চুরিটা প্রথম ধরেছিলাম আমি।” সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মত, “আমি আমার জয় হিসেবে দেখছি না। দুর্নীতির পরাজয় হিসেবে দেখছি। পশ্চিমবঙ্গে এবার দুর্নীতি করার আগে দুবার ভাববে।”

রাজনীতি একদিকে চলছে, কিন্তু চাকরি হারানো হাজার হাজার যোগ্য মানুষের সংসার এখন কীভাবে চলবে, সেই প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে। তাঁদের কী দোষ, এই হাহাকারের মধ্যে বারবার ফিরে আসছে এই প্রশ্ন। সেই সমস্ত চাকরিহারাদের উদ্দেশ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “দুশ্চিন্তা করবেন না। বিজেপির সঙ্গে যোগাযোগ করুন। বিজেপি আপনাদের জন্য নিশ্চয়ই কিছু একটা করবে।”

এই পরিস্থিতিতে চাকরি হারানো বহু মানুষ চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। একদিকে আইনি লড়াইয়ের ধাক্কা, অন্যদিকে ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ তাঁদের তাড়িয়ে বেড়াচ্ছে। রাজনৈতিক তরজা চললেও, এই মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে কবে সমস্যার সমাধান হবে, সেটাই এখন দেখার।