‘শিক্ষকদের জীবন নিয়ে ছিনিমিনি’, ফের প্রশ্ন বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন শিক্ষাবিদরা!

সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ২০১৬ সালের এসএসসি (SSC) নিয়োগে কারা যোগ্য এবং কারা অযোগ্য, তা আলাদাভাবে নির্ধারণ করা সম্ভব নয়। এই যুক্তির ভিত্তিতেই দেশের শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে ২০১৬ সালের এসএসসি-র পুরো প্যানেল বাতিল করার রায় দিয়েছে।
এই রায়ের পর রাজ্যের শিক্ষামহল গভীরভাবে উদ্বিগ্ন। সমাজের শিক্ষাবিদরা আবারও বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন।
এই বিষয়ে শিক্ষাবিদ মীরাতুন নাহার ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই শিক্ষক পদপ্রার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আর সেই খেলার ক্ষেত্রে শাসকদল যে অবস্থানে রয়েছে তার ভূমিকা অত্যন্ত ন্যক্কারজনক। ধিক্কার জানাই এই ভূমিকাকে। সেই ভূমিকারই অনুসরণ করছে সম্ভবত বিচারব্যবস্থা।”
তিনি আরও বলেন, “বিচারব্যবস্থার এই বেহাল দশা দেখে আমি অত্যন্ত লজ্জিত এবং অত্যন্ত চিন্তিত। বলতে দ্বিধাবোধ করছি তবুও বলতেই হচ্ছে যে, বিচারব্যবস্থার এই বেহাল দশা বজায় থাকায় আজকে দেশটার শিক্ষাব্যবস্থা পুরো মাত্রায় বেহাল দশায় গিয়েছে। আমার মতে, এখন সমস্ত রাজ্যবাসী ও সমস্ত সাধারণ মানুষের উঠে দাঁড়ানোর সময়। তাঁরা যদি বিক্ষোভ না দেখান, তাহলে এমনটা চলতেই থাকবে বলে আমার আশঙ্কা।”
শিক্ষাবিদ দেবাশিস সরকার এই প্রসঙ্গে বলেন, “সুপ্রিম কোর্টের রায় প্রত্যাশিত ছিল। তবে সামগ্রিকভাবে রাজ্যের স্কুল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এটা বড় দুর্ভাগ্যজনক ঘটনা এবং তার খেসারত দিতে হচ্ছে এই শিক্ষাব্যবস্থাকে। সেটা কিন্তু রাজ্যের মানুষদের ভাবতে হবে। এটা নিছক একটা নিয়োগ প্রক্রিয়ার রায় নয়, কারণ এটা মনে রাখতে হবে এই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং তদন্ত হয়েছে।”
তাঁর কথায়, “পরবর্তীকালে আমরা দেখেছি যে রাজকোষের টাকা খরচ করে সরকার ভারতের শ্রেষ্ঠ আইনজীবীদের এই কাজে নিয়োগ করেছে। কোন কাজে? না, একটা দুর্নীতির লড়াইয়ে কোর্টে সরকারের রাজকোষের টাকা খরচ করে ভারতের শ্রেষ্ঠ আইনজীবীদের লড়ানো হচ্ছে, দুর্নীতির বিষয়টাতে কোনওরকমভাবে সুপ্রিম কোর্টের মাধ্যমে কোনও রায় আনা যায় কি না, এখানে দুর্নীতিটাকে কোনও একটা ভাবে চাপা দেওয়া যায় কি না, তার চেষ্টা। কিন্তু সুপ্রিম কোর্টের আজকের নির্দেশ, এটা একটা রায়, হার বা জিত নয়, অপরাধ। রাজ্য কখনও এই ধরনের একটা নিয়োগ প্রক্রিয়ায় অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, এটা সমস্ত ধরনের মানুষের জন্য খুবই দুর্ভাগ্যজনক এবং গভীর চিন্তার ব্যাপার।”
অন্যদিকে, সুপ্রিম কোর্টের এই রায়ে দুঃখ প্রকাশ করলেও তাকে মেনে নেওয়ার কথা শোনা যায় শিক্ষাবিদ পবিত্র সরকারের মুখে। তিনি বলেন, “আমি জানি না এর বিকল্প কিছু সম্ভব ছিল কি না। কারণ আমি আইন জানি না। শিক্ষকদের যে চাকরি বাতিল হল তার কারণ নিয়োগ প্রক্রিয়াটা অবৈধ ছিল। নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে যোগ্য চাকরি বাতিল হয়েছে বলে বিচারকরা মনে করছেন তার কোনও বিকল্প পথ নেই, এটা দুঃখের ব্যাপার।”
তাঁর সংযোজন, “যোগ্যদের চাকরি বাতিল হওয়াটা দুঃখের ব্যাপার। অযোগ্যদের চাকরি বাতিল হওয়াটাও দুঃখের ব্যাপার। কারণ, অনেকগুলো পরিবার নির্ভর করেছিল তাঁদের ও উপর। আইনের একটা নিরপেক্ষতা থাকা দরকার। আমার সহানুভূতি আছে সকলেরই প্রতি। কিন্তু পুরো প্রক্রিয়া ছিল অবৈধ, দুর্নীতির দ্বারা কলঙ্কিত। কাজেই এখন এটা মেনে নিতে হবে। এছাড়া, আমি আর কিছু উপায় দেখিনি।”
সুপ্রিম কোর্টের এই রায় ফের একবার রাজ্যের শিক্ষাব্যবস্থা এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ এখন কোন পথে চালিত হয়, সেদিকেই তাকিয়ে সকলে।