সালমানের ‘সিকান্দার’ বয়কটের ডাক, বিতর্কের জেরে দেশ জুড়ে কমে গেল ৩২ শতাংশ শো

মুক্তির আগে বিতর্ক এড়িয়ে চলার বার্তা দিলেও, সলমন খানের নতুন ছবি ‘সিকান্দার’ মুক্তির পরই চরম বিপাকে পড়েছে। টিজার ও ট্রেলার ঝড় তুললেও, সিনেমাটি ভারতে মুসলিম বিদ্বেষ ছড়ানোর অভিযোগে কাঠগড়ায় উঠেছে। মুম্বইয়ের এক জনপ্রিয় মুসলিম সমাজকর্মী এই সিনেমা বয়কটের ডাক দিয়েছেন এবং ‘সিকান্দার’-কে ‘ইসলামোফোবিক’ আখ্যা দিয়েছেন।

ঈদের আবহে মুক্তি পেয়েছে ‘সিকান্দার’, যা স্বাভাবিকভাবেই সলমন খানের ভক্তদের মধ্যে বিপুল প্রত্যাশা জাগিয়েছিল। তবে মুক্তির প্রথম তিন দিনে বক্স অফিসে তেমন উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেনি ছবিটি। বিশ্বজুড়ে ১০০ কোটির গণ্ডি পার করলেও, ভারতে এই ছবি মোটে ৭৫ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে।

এই পরিস্থিতিতে মুম্বইয়ের সমাজকর্মী তথা পেশায় আইনজীবী শেখ ফায়াজ আলম ‘সিকান্দার’-এর উপর নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছেন। তিনি জনসাধারণের কাছে আর্জি জানিয়েছেন, ‘সিকান্দার’ ছবিটি না দেখে বরং গাজার ত্রাণ তহবিলে সাহায্য করুন অথবা মুসলিমদের শিক্ষা, আইন ও রাজনীতিতে অর্থ বিনিয়োগ করুন।

শেখ ফায়াজ আলমের মূল আপত্তি ছবির পরিচালক এআর মুরুগাদোসকে নিয়ে। বিশেষভাবে উল্লেখ্য, পরিচালকের বছরখানেক আগের সিনেমা ‘থুপাক্কি’-তে নাকি সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ প্রদর্শন করা হয়েছে। সেই পুরনো প্রসঙ্গ টেনে এনেই এবার ‘সিকান্দার’ বয়কটের ডাক দিয়েছেন তিনি।

শুধু তাই নয়, সলমনের সিনেমা বয়কটের ডাক দেওয়ার পাশাপাশি লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করার প্রসঙ্গও উত্থাপন করেছেন শেখ ফায়াজ আলম। তিনি বলেন, “এবার দেখার বিষয় চিরাগ পাসওয়ান, নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর মতো নেতারা মুসলিম সম্প্রদায়কে সমর্থন করবেন নাকি মুখ ফিরিয়ে নেবেন।”

এদিকে, বিতর্কের জেরে ‘সিকান্দার’-এর শোয়ের সংখ্যা হুড়মুড়িয়ে ৩২ শতাংশ কমে গেছে। জানা গেছে, ভারতের বেশ কিছু শহরে চাহিদা না থাকায় সলমনের ছবির শো কমিয়ে দেওয়া হয়েছে। বক্স অফিসের হতাশাজনক পরিসংখ্যান দেখে ভাইজান ভক্তদের একাংশও হতাশ হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই #ComeBackSalmanKhan হ্যাশট্যাগ ব্যবহার করে তাদের হতাশা প্রকাশ করছেন।

এমতাবস্থায়, প্রশ্ন উঠেছে বিনোদন জগতে – ভাইজান কি আবারও ফ্লপ পিচ থেকে ব্লকবাস্টার উড়ান নিতে ব্যর্থ হলেন? সময়ের সঙ্গে সঙ্গেই এই প্রশ্নের উত্তর মিলবে।