বিয়ের আগেই হবু বরকে খুনের চেষ্টা কনের, ভাড়াটে খুনি জোগাড়, অতঃপর_?

মহারাষ্ট্রের পুণেতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বিয়ের মাত্র কয়েকদিন আগে নিজের হবু বরকে খুনের চেষ্টা করল কনে। তাও আবার কনট্র্যাক্ট কিলার ভাড়া করে। প্রাক-বিবাহ ফটোশ্যুট থেকে শুরু করে বাগদান পর্ব, সবকিছু সম্পন্ন হওয়ার পরেও হবু বরকে অপছন্দ হওয়ায় ময়ূরী দাংডে নামে এক তরুণী তার প্রেমিক সন্দীপ গাওয়াডেকে সঙ্গে নিয়ে এই নারকীয় পরিকল্পনা করে।

পুলিশ সূত্রে খবর, ময়ূরী চেয়েছিল তার হবু বর সাগর জয়সিং কদমের সঙ্গে বিয়ের আগেই তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হোক। সেই মতো ময়ূরী সন্দীপের সঙ্গে বিস্তারিত আলোচনা করে এবং ভাড়াটে খুনি জোগাড় করার জন্য দেড় লক্ষ টাকা খরচ করে। সন্দীপ ছাড়াও আরও কয়েকজন এই ষড়যন্ত্রে ময়ূরীকে সাহায্য করে।

তবে, ভাড়াটে খুনি নিয়োগ করেও শেষ পর্যন্ত সাগর জয়সিংকে খুন করতে পারেনি ময়ূরী ও তার সঙ্গীরা। গত ২৭ ফেব্রুয়ারি সাগর যখন একটি হোটেল থেকে ফিরছিলেন, তখন দাউন্দ তালুকার কাছে ময়ূরী ও সন্দীপের ভাড়া করা লোকজন বাঁশ ও লাঠি দিয়ে তার উপর হামলা চালায়। কোনওক্রমে প্রাণে বাঁচেন সাগর এবং সরাসরি থানায় গিয়ে সমস্ত ঘটনা পুলিশের কাছে জানান।

সাগরের অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করেছে। এছাড়াও, যে গাড়িতে চেপে দুষ্কৃতীরা সাগরকে আক্রমণ করতে এসেছিল, সেই গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও মূল অভিযুক্ত ময়ূরী দাংডে এখনও পলাতক। পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে।

এই ঘটনা মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত খুনের ঘটনার পর ফের একবার স্বামী-স্ত্রীর সম্পর্ক এবং তাদের মধ্যেকার বিদ্বেষ ও অপরাধ প্রবণতাকে সামনে নিয়ে এলো। যা নিয়ে দেশজুড়ে জোর আলোচনা শুরু হয়েছে।