“স্ত্রী-সন্তানদের বঞ্চিত করে তৈরি করা যাবে না ওয়াকফ সম্পত্তি”- ওয়াকফ বিল পেশ হতেই ঘোষণা রিজিজুর

ওয়াকফ সংশোধনী বিল নারীর ক্ষমতায়ণের লক্ষ্যে তৈরি হয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজু। বুধবার লোকসভায় বিল পেশ করে তিনি ঘোষণা করেন, “ওয়াকফ বোর্ডে মহিলা সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।” একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, কোনো ব্যক্তি তাঁর স্ত্রী ও সন্তানদের বঞ্চিত করে ওয়াকফ সম্পত্তি গঠন করতে পারবেন না।

সংসদে বক্তব্য রাখতে গিয়ে রিজিজু জানান, সংশোধনী বিল অনুযায়ী কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডে ২২ জন সদস্যের অন্তর্ভুক্তির সুযোগ থাকছে, যার মধ্যে অন্তত ১০ জন মুসলিম প্রতিনিধি থাকবেন। তাদের মধ্যেই ২ জন মহিলা সদস্য থাকা বাধ্যতামূলক করা হয়েছে। একইভাবে, রাজ্য ওয়াকফ বোর্ডেও অন্তত ৪ জন মুসলিম সদস্যের মধ্যে ২ জনকে মহিলা হিসেবে মনোনীত করা হবে।

মন্ত্রী স্পষ্ট করে দেন, কোনো ব্যক্তি তাঁর পরিবারকে সম্পূর্ণ উপেক্ষা করে ওয়াকফ সম্পত্তি তৈরি করতে পারবেন না। তিনি বলেন, “ওয়াকফ সম্পত্তি গঠনের আগে স্ত্রী ও সন্তানদের আইনি অধিকার সুনিশ্চিত করতে হবে।” এর ফলে পরিবারের সদস্যদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত হবে।

বিরোধীদের তীব্র আক্রমণ করে মন্ত্রী বলেন, “আপনারা মুখে নারীর ক্ষমতায়ণের কথা বললেও বাস্তবে তাদের দমিয়ে রাখতে চান।” তিনি আরও বলেন, এই সংশোধনী মুসলিম নারীদের অধিকার ও ক্ষমতায়ণকে আরও সুসংহত করবে।

সরকারের বক্তব্য অনুযায়ী, এই বিল মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষার পাশাপাশি, নারীদের ক্ষমতায়ণ এবং পরিবারের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই আনা হয়েছে।