‘লাপতা লেডিজ’ মৌলিক চিত্রনাট্য নয়? ২০১৯ সালের আরবি ছবির সঙ্গে মিল খুঁজে বিতর্ক

আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও পরিচালিত প্রশংসিত ছবি ‘লাপতা লেডিজ’ (Laapataa Ladies) ঘিরে সম্প্রতি গুরুতর অভিযোগ উঠেছে। নেটদুনিয়ায় জোর গুঞ্জন, ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত আরবি স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘বোরখা সিটি’ (Burqa City) থেকে অনুপ্রাণিত হয়ে ‘লাপতা লেডিজ’ তৈরি করেছেন কিরণ রাও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘বোরখা সিটি’ ছবির একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যা দেখে নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে – তাহলে কি ‘লাপতা লেডিজ’ মৌলিক চিত্রনাট্য নয়?
ভাইরাল হওয়া ‘বোরখা সিটি’র ক্লিপে দেখা যাচ্ছে, এক নববিবাহিত পুরুষ তার স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছেন। কারণ বিয়ের পর বোরখা পরিহিত অন্য এক মহিলা ভুল করে তার স্ত্রীর আসনে চলে আসেন। এই বিভ্রান্তি ও দ্বন্দ্বের উপর ভিত্তি করেই ছবির গল্প এগিয়েছে।
ভিডিওটি প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, “বলিউড যা তৈরি করে, তা মৌলিক শিল্পকর্ম বলে মনে হয় না। এগুলি নির্লজ্জভাবে অন্য কোথা থেকে কপি-পেস্ট করা হয় এবং মৌলিক কাজ হিসেবে চালানো হয়।” অন্য একজন মন্তব্য করেছেন, “ভারতে চুরি নতুন কিছু নয়।” তৃতীয় একজনের বক্তব্য, “আমার ধারণা ছিল এটি মৌলিক… তবে ভালো যে এই সিনেমাটি অরিজিতের একটি সুন্দর গান ‘সজনী রে’ দিয়েছে।”
উল্লেখ্য, ‘লাপতা লেডিজ’ চলতি বছরের ১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। কিরণ রাও পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন স্পর্শ শ্রীবাস্তব, প্রতিভা রন্ত, নিতাংশী গোয়েল এবং রবি কিশন। ছবিটি দর্শকদের ২০০১ সালের গ্রামীণ ভারতে ফিরিয়ে নিয়ে যায়। গল্পটি মূলত দুই নববধুকে কেন্দ্র করে আবর্তিত হয়, যারা বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার পথে ভুল করে একে অপরের সঙ্গে গন্তব্য পরিবর্তন করে ফেলে। এরপর তাদের স্বামীরা আসল স্ত্রীদের খুঁজে বের করার মিশনে নামে, যা নানা অপ্রত্যাশিত মোড় ও বাঁকের জন্ম দেয়।
আমির খান প্রোডাকশনস এবং কিন্ডলিং প্রোডাকশনসের ব্যানারে নির্মিত ‘লাপতা লেডিজ’ ‘ধোবিঘাট’-এর পর কিরণ রাওয়ের পরিচালনায় প্রত্যাবর্তন ছিল। প্রেক্ষাগৃহে মুক্তির আগে ছবিটি ২০২৩ সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (TIFF) প্রদর্শিত হয়েছিল এবং দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, বিজয় ভার্মাও ছবিটির ভূয়সী প্রশংসা করেছিলেন। সমালোচক ও দর্শকদের মন জয় করা এই ছবিটি ২০২৫ সালের অস্কারের দৌড়েও ভারতের আনুষ্ঠানিক নিবেদন ছিল, যদিও শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়ন পায়নি।
‘লাপতা লেডিজ’-এর বিরুদ্ধে ‘বোরখা সিটি’র অনুকরণ করার অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবেই বিতর্ক সৃষ্টি হয়েছে। যদিও নির্মাতারা এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি, তবে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে আলোচনা ও সমালোচনা ক্রমশ বাড়ছে।