Waqf Amendment Bill পাশ হলে কি মসজিদ দখল করবে সরকার? লোক সভায় মুখ খুললেন রিজিজু

ওয়াকফ সংশোধনী আইন পাশ হলে সরকার দেশের মসজিদ ও দরগাগুলোর দখল নেবে—এই ধরনের প্রচার সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজু। বুধবার সংসদে ওয়াকফ সংশোধনী বিল পেশ করে তিনি স্পষ্ট করে দেন, ইতিমধ্যেই নথিভুক্ত ওয়াকফ সম্পত্তির ওপর সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। শুধুমাত্র ভবিষ্যতে নথিভুক্ত হতে চলা ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রেই এই আইন কার্যকর হবে।
লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে রিজিজু বলেন, “ওয়াকফ সংশোধনী বিল নিয়ে একাংশ ভ্রান্ত ধারণা তৈরি করছে। বলা হচ্ছে, এই বিল পাশ হলে সরকার মুসলিমদের মসজিদ ও দরগাগুলোর দখল নিয়ে নেবে। কিন্তু বাস্তবে এমন কিছুই হচ্ছে না।” তিনি আরও বলেন, “এই আইন শুধুমাত্র আগামীতে তৈরি হতে চলা ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য, আগের কোনো সম্পত্তির ওপর এর প্রভাব পড়বে না।”
বিরোধীদের কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “আপনারা তো CAA (নাগরিকত্ব সংশোধনী আইন) পাশের সময়ও একইভাবে ভ্রান্তি ছড়িয়েছিলেন। বলেছিলেন, CAA কার্যকর হলে মুসলিমদের নাগরিকত্ব চলে যাবে। কিন্তু আজ পর্যন্ত কি একজন মুসলিমের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে? মিথ্যা প্রচার চালানোর জন্য কি আপনারা দেশবাসীর কাছে ক্ষমা চাইবেন?”
রিজিজু স্পষ্ট করে দেন, ওয়াকফ সংশোধনী আইনের সঙ্গে ধর্মীয় বিশ্বাস বা আস্থার কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, “এই আইন সম্পূর্ণভাবে ওয়াকফ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য তৈরি করা হয়েছে। এখানে ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপের কোনো প্রশ্নই ওঠে না।”
বিলটি নিয়ে বিতর্ক চললেও কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট—এটি মুসলিম সম্প্রদায়ের স্বার্থ বিরোধী নয়, বরং ওয়াকফ সম্পত্তির যথাযথ ব্যবস্থাপনার জন্য আনা হয়েছে।