শিশু–সুরক্ষায় এবার ‘গুড অ্যান্ড ব্যাড টাচ’ পাঠ দেবে কলকাতা পুরসভার স্কুলগুলি

শিশুদের উপর যৌন নিগ্রহের ঘটনা দিন দিন বেড়ে চলেছে। থানায় প্রায়ই এমন অভিযোগ জমা পড়ছে, সংবাদমাধ্যমেও উঠে আসছে বিভিন্ন ঘটনা। এই পরিস্থিতিতে, অনেক বেসরকারি স্কুলে শিশুদের ‘গুড টাচ’ ও ‘ব্যাড টাচ’ শেখানো শুরু হয়েছে, যাতে তারা আগেভাগেই সচেতন হতে পারে। এবার সেই পথেই হাঁটতে চলেছে কলকাতা পুরসভা।
পুরসভার অধীনে থাকা বিভিন্ন স্কুলেও এবার থেকে শিশুদের শেখানো হবে কোন স্পর্শ নিরাপদ এবং কোনটি অনভিপ্রেত বা যৌন নিগ্রহের আওতায় পড়ে। শুধুমাত্র স্পর্শের পার্থক্য বোঝানোই নয়, কীভাবে নিজেকে রক্ষা করতে হবে, তা নিয়েও পড়ুয়াদের সচেতন করা হবে।
কলকাতা পুরসভা এই পাঠ্যক্রমের জন্য বিশেষ শিক্ষণ পদ্ধতি তৈরি করছে। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে শিক্ষাদানের পরিকল্পনা করা হয়েছে।‘শিশু সুরক্ষা নির্দেশিকা’ এবং ‘স্কুলে যৌন নির্যাতনের বিরুদ্ধে সুরক্ষার নির্দেশিকা’ নিয়ে সচেতনতা বৃদ্ধি করা হবে।শিক্ষকদের প্রশিক্ষণের জন্য কর্মশালার আয়োজন করা হবে।আইটি বিভাগের সহযোগিতায় নির্দিষ্ট রোডম্যাপ তৈরি হচ্ছে।
পুরসভার স্কুলগুলিতে সাধারণত গরিব ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের শিশুরা পড়াশোনা করে। আগে পরিকাঠামোর অভাবে ‘গুড টাচ’ ও ‘ব্যাড টাচ’ শেখানো সম্ভব হয়নি। তবে এখন অনেক স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি হওয়ায়, ডিজিটাল পদ্ধতির মাধ্যমে এই শিক্ষাদান সহজ হবে।
এছাড়া, নারী ক্ষমতায়ন নিয়েও বিশেষ পাঠ দেওয়া হবে।
কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা জানিয়েছেন—”শিশুদের নিরাপত্তাই আমাদের প্রধান লক্ষ্য। এই বিষয়ে কীভাবে শিক্ষাদান করা হবে, তার জন্য নির্দিষ্ট পদ্ধতি তৈরি করা হচ্ছে। শিশুদের আদর করার নামে যৌন নিগ্রহের প্রবণতা রুখতেই এই উদ্যোগ। কারণ এই শিশুরাই ভবিষ্যৎ প্রজন্ম।”