ব্যস্ত রাস্তা আটকে রিল ভিডিও শুট, স্ত্রীর কাণ্ডে চাকরি খোয়ালেন পুলিশ কনস্টেবল!

চণ্ডীগড়ের এক ব্যস্ত রাস্তায় ট্রাফিক আটকে রিল ভিডিও শ্যুট করলেন এক মহিলা, ক্যামেরার পিছনে ছিলেন তাঁর ননদ। ফলে তৈরি হয় প্রবল যানজট, বিরক্ত হয়ে ওঠেন পথচলতি মানুষজন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিপাকে পড়লেন মহিলার স্বামী, যিনি পেশায় পুলিশ কনস্টেবল। শেষমেশ তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
ঘটনাটি ঘটে চণ্ডীগড়ের সেক্টর ২০ এলাকায়। জানা গেছে, কনস্টেবল অজয় কুন্ডুর স্ত্রী জ্যোতি গত ২০ মার্চ সেক্টর ৩২-এর একটি মন্দির দর্শনের পর তাঁর ননদ পূজার সাহায্যে এই রিল ভিডিও বানান। ভিডিওতে দেখা যায়, জ্যোতি গুরুদোয়ারা রাউন্ড-অ্যাবাউটের জেব্রা ক্রসিংয়ে দাঁড়িয়ে জনপ্রিয় হরিয়ানভি গানের তালে নাচছেন, তখনই সিগন্যালে গাড়িগুলি আটকে ছিল।
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চণ্ডীগড় পুলিশের হেড কনস্টেবল জসবীর সিং সেক্টর ৩৪ থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, ওই মহিলার আচরণ শুধু ট্র্যাফিক ব্যবস্থা ব্যাহত করেনি, বরং এটি দুর্ঘটনার কারণও হতে পারত। তাই তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
পুলিশ তদন্ত শুরু করে সেক্টর ২০ ও ১৭-র বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। এরপর জ্যোতি ও তাঁর ননদ পূজাকে চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। পরে জামিনে মুক্তি দেওয়া হয় তাঁদের।
তবে তদন্ত চলাকালীন পুলিশ জানতে পারে যে কনস্টেবল অজয় কুন্ডু নিজেই এই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন। এর পরেই চণ্ডীগড় পুলিশ তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। পুলিশের মতে, জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করা এবং নিরাপত্তার বিঘ্ন ঘটানোর দায়ে জ্যোতি ও পূজার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৫, ২৯২ ও ৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে।
তবে অজয় কুন্ডুর বরখাস্ত হওয়ার ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, স্ত্রীর কাজের জন্য কেন তাঁকে চাকরি খোয়াতে হল? কেউ কেউ বলছেন, “শুধুমাত্র বিনোদনের জন্য বানানো ভিডিওর জন্য চাকরি থেকে বরখাস্ত করা অন্যায়।” অন্যদিকে, অনেকে বলছেন, “এই রিল বানানোর প্রবণতা সমস্যার হয়ে দাঁড়িয়েছে, মানুষের আরও গঠনমূলক কাজে মন দেওয়া উচিত।”