“ভোট নয়, আমার লক্ষ্য শান্তি”, রেড রোডে নমাজ পাঠের অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা দিলেন “মমতা,

ঈদ উল-ফিতর উপলক্ষে কলকাতার রেড রোডে শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। প্রতি বছরের মতো এবছরও রেড রোডে ঈদের শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়।

ঈদের জামাতের শেষে মঞ্চে উঠে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ধর্মের নামে ব্যবসা করা কিছু রাজনৈতিক দল রয়েছে। আমরা বিভাজনের রাজনীতি করি না, আমার লক্ষ্য শান্তি। কোনও প্ররোচনায় পা দেবেন না। এই ধরনের পরিস্থিতি তৈরি করা তাদের পরিকল্পনা। যারা চিৎকার করছে, তাদের চিৎকার করতে দিন। যারা উল্টোপাল্টা বলছে, তাদের বলতেই দিন। আপনাদের শান্তি বজায় রাখার জন্য আমি এখানে আছি।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমরা আপনাদের পাশে আছি। আপনাদের নাগরিক অধিকার নিয়ে বাঁচার অধিকার রয়েছে। ভয়ের সামনে মাথা নত করার কোনো প্রয়োজন নেই।” তিনি তাঁর লন্ডন সফরের কথা উল্লেখ করে বলেন, “ঈদের জন্য সব ক্যানসেল করেছি। লন্ডন থেকেও তাড়াতাড়ি ফিরে এসেছি, কারণ জানি ঈদের দিন আমাকে রেড রোডে থাকতে হবে।”

মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরেন এবং বলেন, “আমি যেমন হিন্দু, তেমনই মুসলিম, তেমনই শিখ, তেমনই ইসাহি। আমি ভারতীয়।” তিনি আরও বলেন, “বাংলার মাটিতে বিভাজনের রাজনীতি চলবে না।”

অভিষেক বন্দোপাধ্যায়ও বক্তৃতায় বলেন, “চাঁদের কোনও ধর্ম হয় না। আমরা সবাই মিলে বিজেপিকে আটকেছি। একতা বজায় রাখতেই হবে। সবাইকে মিলেমিশে থাকতে হবে।”

মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর তিনি ইকবালপুরের ষোলোআনা মসজিদেও যান এবং পার্ক সার্কাসে রিজওয়ানুর রহমানের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।