ভাইরাল “AI”প্রযুক্তিতে তৈরী মুসকান আর থানার বড়বাবুর ঘনিষ্ঠ ভিডিও! ছড়িয়ে পড়লো সোশ্যাল মিডিয়ায়

মেরঠের সৌরভ রাজপুত হত্যাকাণ্ডে নতুন চাঞ্চল্যকর মোড়। এবার সৌরভের স্ত্রী মুসকান রাস্তোগির একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে থানার এক বড়বাবুর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে। তবে, পুলিশের দাবি, ভিডিওটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI) সাহায্যে তৈরি করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমাজমাধ্যমে ছড়ানো হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়ো বলে জানিয়েছে মেরঠ পুলিশ। ইতিমধ্যেই এই ভিডিও তৈরি ও ছড়ানোর পেছনে কারা রয়েছে, তা খুঁজে বের করার জন্য তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের অধীনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের নৃশংস হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত মুসকান এবং তাঁর প্রেমিক সাহিল শুক্লা বর্তমানে জেলবন্দি। তাঁদের ঘিরে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। এই ঘটনার মধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক ভুয়ো ভিডিও।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রিয়াংশু নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রথম ভিডিওটি আপলোড করা হয়েছিল। ব্রহ্মপুরী থানার এক পুলিশকর্মী এই মিথ্যা ভিডিওর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। মেরঠের এসপি আয়ুষ বিক্রম জানিয়েছেন, ইতিমধ্যেই ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার করা হবে।

পুলিশের তরফে জানানো হয়েছে, মুসকান ও সাহিলের বিরুদ্ধে তদন্ত জোরকদমে চলছে। ফরেনসিক পরীক্ষার রিপোর্ট হাতে এলে মামলায় আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে। যদিও অভিযুক্তদের আইনজীবীরা শীঘ্রই আদালতে জামিনের আবেদন জানাবেন।

এই মামলায় প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসছে, যা গোটা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।