স্বামীকে টুকরো করে ড্রামে ভরার হুমকি স্ত্রীয়ের! মদ্যপ স্বামীর সঙ্গে তুমুল অশান্তি

সম্প্রতি দেশজুড়ে আলোড়ন ফেলেছে মিরাটের সৌরভ রাজপুত হত্যাকাণ্ড। প্রেমিকের সঙ্গে মিলিত হয়ে স্বামীকে খুন করে দেহ ১৫ টুকরো করার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ধরনের ভয়ঙ্কর হুমকির অভিযোগ উঠে এল উত্তরপ্রদেশে। এবার স্বামীকে খুন করে দেহ টুকরো করার হুমকি দিলেন এক স্ত্রী। ইতিমধ্যেই স্বামী পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযুক্ত স্ত্রী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
মদ্যপ স্বামীর সঙ্গে তুমুল অশান্তি, হুমকি স্ত্রী’র
ঘটনাটি ঘটেছে মিরাটের কঙ্করখেড়া থানা এলাকায়, দিল্লি-দেহরাদূন হাইওয়ের পাশে। অভিযোগ, মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েন এক ব্যক্তি, যিনি পেশায় শ্রমিক এবং পাঁচ বছর ধরে বিবাহিত। পরিস্থিতি এতটাই চরমে পৌঁছায় যে, স্ত্রী স্বামীর মাথায় ইট দিয়ে আঘাত করেন এবং তাকে খুন করে দেহ টুকরো করে ড্রামে ভরে দেওয়ার হুমকি দেন।
পুলিশি হস্তক্ষেপে সমঝোতা
এই হুমকিতে আতঙ্কিত হয়ে পুলিশের দ্বারস্থ হন স্বামী। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষের সঙ্গে কথা বলে। পরে স্বামী-স্ত্রীর মধ্যে থানায় সমঝোতা হয়ে যায়। যদিও, এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পুলিশ সতর্ক রয়েছে।