ভূমিকম্পের মধ্যেই ব্যাংককের রাস্তায় শিশু জন্ম দিলেন মা, স্বাস্থ্যকর্মীদের তৎপরতা কুড়ালো প্রশংসা

থাইল্যান্ডের ভয়াবহ ভূমিকম্পের মধ্যেই এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। ব্যাংককের ‘পুলিশ জেনারেল হাসপাতালের’ বাইরে রাস্তার উপরই এক নারী এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন।

হাসপাতালের মুখপাত্র পুলিশ কর্মকর্তা সিরিকুল শ্রীসাঙ্গা জানান, শুক্রবার (২৮ মার্চ) ভূমিকম্পের তীব্রতায় তারা ওই প্রসূতিকে অপারেশন থিয়েটার থেকে দ্রুত বের করে আনতে বাধ্য হন। এরপর হাসপাতালের বাইরে, রাস্তার উপরে স্বাস্থ্যসেবা কর্মীদের তত্ত্বাবধানে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার উপর স্ট্রেচারে শুয়ে থাকা মা ও নবজাতককে ঘিরে রেখেছে একটি মেডিকেল টিম। একইসঙ্গে হাসপাতালের অন্যান্য রোগীদেরও খোলা আকাশের নিচে স্ট্রেচারে শুয়ে থাকতে দেখা যায়। এমন প্রতিকূল পরিস্থিতিতেও চিকিৎসকরা সকলের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা জিরামরিত জানান, অপারেশন চলাকালীন ভূমিকম্প অনুভূত হলে প্রথমে রোগীকে স্থিতিশীল করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। পরে দেখা যায়, জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার না করলে প্রসূতির পরিস্থিতি জটিল হয়ে যেতে পারে। সেই কারণে অপারেশন থিয়েটারের বাইরে, রাস্তার উপরেই দ্রুত এবং গোপনীয় পরিবেশে ১০ মিনিটের মধ্যে ওই নারীর অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, মিয়ানমারে শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে ৭ দশমিক ৭ ও ৬ দশমিক ৪ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। শনিবার (২৯ মার্চ) পর্যন্ত এই দুর্যোগে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাতুচাক বাজারের কাছে একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ে ৬ জনের মৃত্যু হয়েছে, ২৬ জন আহত হয়েছেন এবং ৪৭ জন এখনও নিখোঁজ রয়েছেন।

এই পরিস্থিতিতে ব্যাংককের রাস্তায় এক নারীর সন্তান প্রসব এবং স্বাস্থ্যকর্মীদের তাৎক্ষণিক তৎপরতা থাইল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থার দক্ষতা ও মানবিকতাকে বিশেষভাবে প্রশংসিত করেছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করেছে, ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় তাদের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না।

সূত্র: এনডিটিভি