“রাশমিকার সঙ্গে ৩১ বছরের পার্থক্য”- সাংবাদিক প্রশ্ন করতেই মোক্ষম জবাব দিলেন সালমান খান

বলিউড এখন সরগরম ভাইজান সালমান খানের আসন্ন ছবি ‘সিকান্দার’ নিয়ে। এই ছবিতে এই প্রথমবার দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে তাকে। ঈদ উপলক্ষে মুক্তি প্রতীক্ষিত এই ছবি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে।

তবে আলোচনার অন্যতম কারণ হলো ৫৯ বছর বয়সী সালমান খানের সঙ্গে ২৮ বছর বয়সী রাশমিকা মান্দানার জুটি। তাদের বয়সের বিস্তর পার্থক্য নিয়ে সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই নানা জল্পনা ও আলোচনা শুরু হয়েছে। নেটিজেনদের অনেকেই এই বিষয়ে বিভিন্ন মন্তব্য করছেন।

এই আবহের মধ্যেই সম্প্রতি এক ফ্রেমে ধরা দিলেন সালমান খান, আমির খান এবং ‘সিকান্দার’-এর পরিচালক এ আর মুরুগাদোস। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, তিনজন একটি ঘরোয়া পরিবেশে ছবির প্রসঙ্গেই আলোচনায় মগ্ন। সেখানেই রাশমিকার কাজের প্রতি মুগ্ধতা প্রকাশ করেন সালমান খান।

ভিডিওতে সালমান খানকে রাশমিকার ভূয়সী প্রশংসা করতে শোনা যায়। আমির খানের সঙ্গে কথোপকথনের সময় তিনি বলেন, রাশমিকার কাজের প্রতি একাগ্রতা ও নিষ্ঠা দেখে তার নিজের ক্যারিয়ারের শুরুর দিকের কথা মনে পড়ে যায়। সালমান বলেন, ‘রাশমিকা আমাকে আমার ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। আমারও মনে হয়- ও ভীষণ পরিশ্রমী। ওর কাজ দেখে আমি মুগ্ধ হই। দারুণ, দারুণ…!’

অন্যদিকে, সম্প্রতি ‘সিকান্দার’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এক সাংবাদিক সালমান খান ও রাশমিকা মান্দানার বয়সের পার্থক্য এবং তা নিয়ে সামাজিক মাধ্যমে যে ট্রোলিং হচ্ছে সেই বিষয়ে প্রশ্ন করেন। উত্তরে কিছুটা বিরক্তি প্রকাশ করে সালমান খান বলেন, ‘৩১ বছরের পার্থক্য নিয়ে সবাই কথা বলছে। কিন্তু নায়িকার যদি কোনো সমস্যা না থাকে, ওর বাবারও যদি আপত্তি না থাকে, তাহলে আপনাদের এত সমস্যা কেন ভাই? যখন ওর বিয়ে হবে, সন্তান হবে, তখন আমিও ওদের সঙ্গেও কাজ করব। স্বামীর অনুমতিও ঠিক পেয়ে যাব, চিন্তা নেই!’

সালমান খানের এই মন্তব্য ফের একবার সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। একদিকে যেমন তার স্পষ্টবাদীতা প্রশংসিত হচ্ছে, তেমনই অনেকে তার উত্তর দেওয়ার ভঙ্গি নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে আপাতত সকলের নজর ‘সিকান্দার’-এর মুক্তির দিকে, যেখানে সালমান ও রাশমিকার অনস্ক্রিন রসায়ন দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক।