তুরস্কে এরদোয়ানবিরোধী আন্দোলন নিয়ে কী ভাবছে সাধারণ মানুষ, জেনেনিন বিস্তারিত

তুরস্কের ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর গ্রেপ্তারের প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে প্রতিদিন হাজার হাজার মানুষ রাজপথে নেমে বিক্ষোভ করছেন। গত রোববার (২৩ মার্চ) ইস্তাম্বুলের পৌর সদর দপ্তরের বাইরে সারাচান চত্বরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়লে বাতাসে দীর্ঘ সময় ধরে তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর থেকে বিক্ষোভ আরও তীব্র হয়েছে।
ইমামোগলু, যিনি তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) একজন জনপ্রিয় নেতা, তাঁকে গত ১৯ মার্চ আটক করা হয়। পরে রোববার তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়। ঠিক একই দিনে সিএইচপি তাঁকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করে। এরপর থেকে ইস্তাম্বুলসহ তুরস্কের প্রধান শহরগুলোতে প্রতিদিন বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা এখন দীর্ঘ ২৪ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পদত্যাগের দাবি তুলেছেন।
ইমামোগলুর সমর্থকদের দৃঢ় বিশ্বাস, তাঁকে গ্রেপ্তার ও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার মাধ্যমে এরদোয়ান তাঁর ক্ষমতাকে আরও সুসংহত করতে চাইছেন। তাঁরা এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ হিসেবে দেখছেন। অন্যদিকে, এরদোয়ান সরকার ও তাঁর সমর্থকদের দাবি, ইমামোগলুর গ্রেপ্তারে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। তাঁরা বলছেন, এটি কেবল বিচার বিভাগের নিয়মিত দায়িত্ব পালনের অংশ।
বিক্ষোভে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি
২৮ বছর বয়সী সিনার ইলেরি নিজেকে একজন ‘নিরপেক্ষ পর্যবেক্ষক’ হিসেবে পরিচয় দেন। তিনি বিক্ষোভে অংশ নিয়ে বলেন, “আমি ইমামোগলুকে সমর্থন করি না, তাঁকে ভোটও দিইনি। কিন্তু যা ঘটেছে, তা যে কোনো রাজনীতিবিদের প্রতি অন্যায়। এটি সাধারণ আইনি মামলা নয়, এটি একটি রাজনৈতিক মামলা।” তিনি আরও বলেন, “বিক্ষোভ শুরুর চার দিন পর থেকে এর গতিতে ভাটা পড়ছে। গত রোববার রাতে আমি সেখানে ছিলাম, কিন্তু বিশেষ কিছু ঘটেনি। ২০১৩ সালের গেজি পার্ক বিক্ষোভের তুলনায় এটি অনেক কম প্রভাবশালী।”
দুর্নীতি ও রাজনৈতিক টানাপোড়েন
তুরস্কের রাজনৈতিক পরিমণ্ডলে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরে পৌরসভাগুলোকে জর্জরিত করে চলেছে। দেশটির পার্লামেন্টের একটি প্রতিবেদনে এই চিত্র ফুটে উঠেছে। প্রতিবেদনে বলা হয়, দুর্নীতি দমনে নজরদারি ও জবাবদিহির ব্যবস্থা যথাযথভাবে কার্যকর করা হয়নি। অনেকে মনে করেন, সরকার এখন বিরোধী নেতাদের দিকে বেশি মনোযোগ দিচ্ছে, যা ন্যায়বিচারের প্রতি সন্দেহ জাগাচ্ছে। তাঁদের অভিযোগ, রাজনৈতিক দৃশ্যপট নতুন করে সাজাতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
অন্যদিকে, সরকারপন্থী গণমাধ্যম ও সমর্থকরা এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। শাসক জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) ঘনিষ্ঠ সাংবাদিক হিলাল কাপলান সব দোষ সিএইচপির ওপর চাপিয়েছেন। সাবাহ পত্রিকায় এক উপসম্পাদকীয়তে তিনি লিখেছেন, “ইমামোগলুর বিরুদ্ধে মামলার প্রথম তথ্য যিনি প্রকাশ করেছিলেন, তিনি সিএইচপি সদস্য। অভিযোগ দায়েরকারী, স্বীকারোক্তি দানকারী, প্রমাণ উপস্থাপনকারী এবং সাক্ষী—সবাই সিএইচপির সদস্য।” তিনি আরও বলেন, “যাঁরা বলছেন সরকার ইমামোগলুকে রাজনৈতিক হুমকি মনে করছে, তা নির্জলা মিথ্যা।”
এরদোয়ান বনাম ইমামোগলু: রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা
ইমামোগলু দুইবার ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হয়েছেন এবং তাঁকে এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হয়। এরদোয়ান ২০০৩ সাল থেকে ক্ষমতায় রয়েছেন এবং ২০২৩ সালের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনেও জয়ী হয়েছেন। আকর্ষণীয়ভাবে, ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ইস্তাম্বুলের মেয়র থাকাকালীন এরদোয়ানও জনপ্রিয় ছিলেন। তবে ১৯৯৯ সালে তাঁকে কারাবরণ করতে হয়েছিল। ইমামোগলুর গ্রেপ্তারের আগের দিন (১৮ মার্চ) ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় তাঁর ডিগ্রি বাতিল করে, যা প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার জন্য বাধ্যতামূলক। কর্তৃপক্ষের দাবি, ডিগ্রি অর্জনে আইন লঙ্ঘন হয়েছে।
রমজানে বিক্ষোভ: উত্তেজনা ও আশা
বিক্ষোভ চলছে পবিত্র রমজান মাসে। ফাতিহ জেলার মসজিদগুলো মুসল্লিতে ভরপুর থাকলেও রাতের নামাজের পর বেশিরভাগ মানুষ বাড়ি ফিরে যান। আনিত পার্কে বয়স্করা ইফতারের অপেক্ষায় রাজনীতি নিয়ে আলোচনা করছিলেন। এমন সময় পৌরসভার দিক থেকে ছোড়া একটি পাথর ও দাঙ্গা পুলিশের উপস্থিতি তাঁদের মধ্যে আতঙ্ক ছড়ায়।
তবে ২২ বছর বয়সী শিক্ষার্থী আলি প্রতি রাতে বিক্ষোভে অংশ নিচ্ছেন। তিনি বলেন, “ইমামোগলু এখানে মূল বিষয় নন। তাঁর বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক, কিন্তু আমরা একে পার্টির অবৈধ সিদ্ধান্তে ক্লান্ত। আমরা আমাদের জীবন, স্বাধীনতা ও ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। ইমামোগলুকে আমি পছন্দ করি, কিন্তু ভালোবাসি না। তবে তিনি সেরা, এবং সরকার তাঁকে এগোতে দিলে তিনি আরও সাফল্য পেতেন।”
গ্রেপ্তার ও সরকারের প্রতিক্রিয়া
বিক্ষোভ শুরুর পর থেকে ১,৯০০-এর বেশি মানুষ, যাঁদের মধ্যে শিক্ষার্থী, সাংবাদিক ও আইনজীবী রয়েছেন, গ্রেপ্তার হয়েছেন। সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বিরোধীদের বেশ কিছু অ্যাকাউন্ট বন্ধ করার অনুরোধ জানিয়েছে। প্ল্যাটফর্মটি ৭� facet5f0০০-এর বেশি অনুরোধে আপত্তি জানালেও অনেক অ্যাকাউন্ট স্থগিত করেছে।
এরদোয়ান বিক্ষোভকে “সহিংসতার আন্দোলন” আখ্যা দিয়ে সিএইচপিকে দায়ী করেছেন। তিনি জনগণকে “উসকানি” বন্ধ করতে বিরোধীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে আলির মতো তরুণরা বলছেন, “পরিবর্তন চাইলে বিক্ষোভ করতে হবে। আমরা জেগে উঠেছি, এবং আমাদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব।”