WhatsApp-এ ছবি শেয়ার করা যাবে আরও সহজে, ব্যবহারকারীদের জন্য নতুন চমক

হোয়াটসঅ্যাপ, বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম, ব্যবহারকারীদের নিরাপত্তা ও অভিজ্ঞতা আরও উন্নত করতে নতুন নতুন ফিচার যুক্ত করছে। সারাক্ষণ চ্যাট, অডিও এবং ভিডিও কলের মাধ্যমে ব্যবহারকারীদের সঙ্গে যুক্ত থাকা এই অ্যাপটি এবার নিয়ে আসতে চলেছে একটি আকর্ষণীয় সংযোজন – ‘মোশন ফটো’ ফিচার।
অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচারটি আগে থেকেই উপলব্ধ ছিল। এবার হোয়াটসঅ্যাপেও এটি চালু হলে ব্যবহারকারীরা তাদের বিশেষ মুহূর্তগুলো আরও মজার এবং জীবন্ত উপায়ে শেয়ার করতে পারবেন। মোশন ফটো একটি স্মার্ট প্রযুক্তি, যা স্থির ছবিকে কয়েক সেকেন্ডের জন্য অ্যানিমেটেড ভিডিওর মতো করে তুলতে পারে। এই ফিচার চালু করে ছবি তুললেই তা স্বয়ংক্রিয়ভাবে ছোট একটি মুভিং ক্লিপে রূপান্তরিত হবে। ফলে ছবিটি দেখতে শুধু সুন্দরই নয়, চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো হবে। অ্যাপল ডিভাইসে এটি ‘লাইভ ফটো’ নামে পরিচিত। তবে হোয়াটসঅ্যাপ এখন শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচারটি পরীক্ষা করছে। আইফোনে এটি চালু হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
মোশন ফটো ফিচারটি ইতিমধ্যে ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাই হোয়াটসঅ্যাপও পিছিয়ে থাকতে চায় না। একটি প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা ২.২৫.৮.১২ ভার্সনে এই ফিচারটির পরীক্ষা চালাচ্ছে। যাঁরা এই বিটা ভার্সন ব্যবহার করছেন, তাঁরা ইতিমধ্যে এই ফিচারটি দেখতে পাচ্ছেন। ফিচারটি পুরোপুরি চালু হলে মোশন ফটো স্বয়ংক্রিয়ভাবে গ্যালারিতে সেভ হবে এবং বন্ধু-পরিবারের সঙ্গে সহজেই শেয়ার করা যাবে। বর্তমানে হোয়াটসঅ্যাপের মিডিয়া শেয়ারিং অপশনে শুধু জেপিজি এবং পিএনজি ফাইল দেখা যায়। নতুন আপডেট এলে মোশন ফটোও এই তালিকায় যুক্ত হবে। এখন অপেক্ষা শুধু এই ফিচারটি কবে সবার জন্য উন্মুক্ত হবে।
বিতর্কের মুখে হোয়াটসঅ্যাপ
এদিকে, হোয়াটসঅ্যাপের নতুন ফিচার নিয়ে বিতর্কও শুরু হয়েছে। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভ হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে সরাসরি কটাক্ষ ছুড়েছেন। তিনি বলেছেন, হোয়াটসঅ্যাপ আসলে টেলিগ্রামের একটি ‘নকল সংস্করণ’। তার অভিযোগ, হোয়াটসঅ্যাপ দীর্ঘদিন ধরে টেলিগ্রামের ফিচারগুলো কপি করে আসছে এবং এতে নতুন কিছু নেই। দুরভের দাবি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারগুলোর বেশিরভাগই টেলিগ্রাম থেকে অনুপ্রাণিত।
হোয়াটসঅ্যাপ এই অভিযোগের জবাবে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে নতুন নতুন আপডেটের মাধ্যমে প্রতিযোগিতার মাঠে টিকে থাকার প্রচেষ্টা তারা অব্যাহত রেখেছে। মোশন ফটো ফিচারটি কবে সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে, তা এখনো জানা যায়নি। তবে এই ফিচারটি হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া