নেহা কক্কর মেলবোর্ন কনসার্ট বিতর্কে সাফাই, জানান আসল ঘটনা, অপমানের বদলায় কী বললেন গায়িকা?

কিছুদিন আগেই বিতর্কের মুখে পড়েছিলেন বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী নেহা কক্কর। মেলবোর্নে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে প্রায় তিন ঘণ্টা দেরিতে সেখানে পৌঁছান নেহা। তার ফলে দর্শকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং স্টেজে ওঠার সময় তাকে ‘গো ব্যাক’ স্লোগানও শোনা যায়। দর্শকদের রোষের মুখে পড়েই কাঁদতে শুরু করেন নেহা, যা পরবর্তীতে নেটপাড়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এই ঘটনার পর থেকে নেহা কক্করের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় নানা কটাক্ষ শুরু হয়। তবে এখন, নিজের অবস্থান পরিষ্কার করতে এক পোস্টের মাধ্যমে সাফাই দিয়েছেন নেহা। তিনি জানান, “সবাই দেখেছে যে আমি তিন ঘণ্টা দেরি করেছি, কিন্তু এর পেছনে আসল কারণ কি, সেটা কেউ জানতে চায়নি। আমি এত কিছু বলতাম না, কিন্তু যখন আমার নামে এত কথা উঠছে, তখন আসল ঘটনা সবার সামনে আনা দরকার।”

নেহা আরো জানান, মেলবোর্নে অনুষ্ঠানটি তিনি সম্পূর্ণ বিনামূল্যে করেছেন। “অনুষ্ঠানের কর্মকর্তারা আমার এবং আমার সহকারীদের টাকা না দিয়েই চলে গিয়েছিলেন। শুধু তা-ই নয়, আমাদের জন্য প্রয়োজনীয় খাবার, জল এবং হোটেলের ব্যবস্থা পর্যন্ত তারা করেননি। আমার স্বামী এবং সহকারীরা ব্যান্ডের অন্যান্য সদস্যদের অর্থ প্রদান করেছেন,” বলেন নেহা।

কিন্তু এত সমস্যার পরও নেহা জানান, তিনি কোনো বিশ্রাম না নিয়ে স্টেজে উঠেছেন এবং দর্শকদের জন্য গান গেয়েছেন। “তখন আমার মাথায় শুধু একটা কথা ঘুরছিল, দর্শকরা আমার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন,” বলেন নেহা।

এই সাফাই দেওয়ার পর, নেহা কক্করের প্রতি নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্রিত। তবে, তার কথায় একটাই বার্তা— তার দেরির পিছনে ছিল একাধিক সমস্যা, এবং তবুও দর্শকদের জন্য তিনি কষ্ট সয়ে স্টেজে উঠেছিলেন।