দিঘায় জগন্নাথ ধাম ঘিরে মহা ধুমধাম, টানা ২০ দিন বন্ধ থাকবে সড়ক পথ, জেনেনিন কাজ কতদূর?

দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন ক্রমশ এগিয়ে আসছে। এই মুহূর্তে নির্মাণ কাজের গতি এবং প্রশাসনের তৎপরতা তুঙ্গে রয়েছে। সম্প্রতি মন্দির পরিদর্শনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, মন্দিরের শোভা বৃদ্ধির জন্য একটি গেট নির্মাণের পাশাপাশি আশপাশের এলাকাকে সুন্দরভাবে সাজাতে হবে। সেই ঘোষণা অনুযায়ী, গত সোমবার থেকে দিঘার জগন্নাথ মন্দিরের সামনের ১১৬-বি জাতীয় সড়কে গেট নির্মাণের কাজ শুরু হয়েছে। এই কারণে আগামী ২০ দিনের জন্য জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

কাজ শুরু হয়েছে সোমবার রাত থেকে। তবে পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে ওল্ড দিঘা এবং নিউ দিঘায় পৌঁছনোর জন্য বিকল্প ব্যবস্থার ঘোষণা করেছে প্রশাসন। যারা ওল্ড দিঘায় যেতে চান, তাদের দিঘা গেটে নামতে হবে এবং সেখান থেকে অটো বা টোটো করে গন্তব্যে পৌঁছতে হবে। অন্যদিকে, নিউ দিঘায় যাওয়ার জন্য দিঘা গেট থেকে বাইপাস রাস্তা ব্যবহার করতে হবে। এছাড়াও, মন্দিরের পাশের একটি ছোট রাস্তা দিয়ে ছোট গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ২৮ মার্চ থেকে এই সৈকত শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পরবর্তী ২০ দিন ওল্ড দিঘা থেকে নিউ দিঘায় যাতায়াতের জন্য বাইপাস রাস্তাই ব্যবহার করতে হবে। এর কারণ, দিঘা স্টেশনের কাছে নির্মিত হচ্ছে ‘জগন্নাথ ধাম’, এবং তার সামনের রাস্তায় তৈরি হচ্ছে বিশাল ‘চৈতন্য দ্বার’। এই নির্মাণ কাজ প্রায় দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলবে। ফলে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। পর্যটকদের এই সময়ে দিঘা বাইপাস হয়ে ওল্ড দিঘা থেকে নিউ দিঘা বা নিউ দিঘা স্টেশন থেকে ওল্ড দিঘায় যেতে হবে। জেলা প্রশাসনের তরফে এই বিষয়ে মাইকিং করে গোটা দিঘায় প্রচার করা হয়েছে।

জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে এবার যে তারকাখচিত আয়োজন হতে চলেছে, তা বলাই বাহুল্য। প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২১৩ ফুট উঁচু এই জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্র এখন গোটা রাজ্যের মানুষের নজরে। অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন। এই মাহেন্দ্রক্ষণের জন্য দিঘা এখন পুরোদমে প্রস্তুতি নিচ্ছে।