‘দুই মহিলারই এক স্বামী’, ‘ভূতুড়ে’ ভোটার ঘিরে চাঞ্চল্য এলাকা

ভুয়ো ভোটার বিতর্কে নতুন মাত্রা বাঁকুড়ায়! এক বুথেই ছয়জন সন্দেহজনক ভোটারের খোঁজ মিলল, যাঁদের বাস্তবে কোনো অস্তিত্বই নেই বলে দাবি উঠেছে। সবচেয়ে অবাক করার বিষয়—ভোটার তালিকায় দুই মহিলার স্বামীর নাম হিসেবে একই ব্যক্তির নাম উল্লেখ রয়েছে!
বাঁকুড়ার তালডাংরা ব্লকের শ্যামসুন্দরপুর বুথে এই ঘটনা সামনে এসেছে। তৃণমূল কর্মীরা ভোটার তালিকা হাতে নিয়ে যখন এলাকায় যাচ্ছিলেন, তখনই উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য। দেখা যায়, ওই বুথের ১১২১ জন ভোটারের মধ্যে অন্তত ছ’জনের নাম ও পরিচয় সন্দেহজনক।
তালিকায় দেখা গেছে, দীপান্বিতা ভট্টাচার্য ও জুহি ভট্টাচার্য নামে দুই মহিলা ভোটারের স্বামীর নাম শাস্বত ভট্টাচার্য। কিন্তু স্থানীয়দের দাবি, ওই এলাকায় ভট্টাচার্য পদবির কোনো পরিবারই নেই! শুধু তাই নয়, পূজা ভুঁই ও অষ্টমী মাঝুর মতো আরও কয়েকজন ভোটারের নামও তালিকায় থাকলেও, তাঁদের কেউই এলাকায় চেনেন না বা কখনও দেখেননি। এই তথ্য সামনে আসতেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে।
এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। তাঁদের দাবি, ভুয়ো ভোটারদের সাহায্য নিয়ে কেন্দ্র দখল করেছে বিজেপি, আর এবার বিধানসভা নির্বাচনেও একই ছক কষা হচ্ছিল। তবে বিজেপি অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়ে বলছে, ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব রাজ্য সরকারের, আর তাই এই গাফিলতির দায় সম্পূর্ণ তৃণমূলেরই।
এই ঘটনা প্রকাশ্যে আসার পর এখন প্রশ্ন উঠছে—এটি নিছকই প্রশাসনিক গাফিলতি, নাকি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কারসাজি? বিষয়টি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের তরফে তদন্তের দাবি উঠেছে। তবে ভোটের আগে এমন ঘটনায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়বে, তা বলাই বাহুল্য।