প্রেম করে বিয়ে- তারপর দূরত্ব- ফের কাছাকাছি, কীভাবে প্রেম হয়েছিল রাহুল- প্রিয়াঙ্কার?

টলিপাড়ার সম্পর্কের সমীকরণ যে জটিল, তা আরও একবার প্রমাণ হল রাহুল বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকারের গল্পে। বেশ কয়েক বছর আলাদা থাকা, ঝগড়া, কাদা ছোড়াছুড়ি আর মান-অভিমানের পর ফের একসঙ্গে ফিরেছেন এই তারকা জুটি। দীর্ঘ সময়ের দূরত্ব কাটিয়ে এখন এক ছাদের নীচে সংসার করছেন রাহুল-প্রিয়াঙ্কা।

মঙ্গলবার (২৪ মার্চ) সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কার সঙ্গে একটি পুরোনো ছবি শেয়ার করে রাহুল লিখেছেন, “‘কচিকাচা সংসদ’।” ছবির সঙ্গে ‘চিরদিনই তুমি যে আমার’-এর স্মৃতিচারণ করে ভক্তদের মনে আবারও সেই পুরোনো দিন ফিরিয়ে এনেছেন তিনি। কমেন্ট বক্সে নেটিজেনদের ভালোবাসার বন্যা বইছে। অনেকে চাইছেন ফের পর্দায় তাদের জুটি দেখতে, এমনকী কেউ কেউ ‘চিরদিনই তুমি যে আমার ২’ আনার দাবিও জানিয়েছেন।

বিচ্ছেদ থেকে পুনর্মিলন

রাহুল ও প্রিয়াঙ্কার সম্পর্কে ফাটল ধরেছিল ২০১৭ সালে। দীর্ঘদিন আলাদা থাকলেও আইনি বিচ্ছেদ হয়নি তাঁদের। এই সময়ে টলিপাড়া থেকে নেটদুনিয়া—সর্বত্র তাঁদের নিয়ে আলোচনা চলেছে। বিভিন্ন উৎসবে একসঙ্গে ছবিতে ধরা পড়লেও, তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতেই থাকত। তবে ছেলে সহজের জন্যই ধীরে ধীরে দূরত্ব কমে এসেছে এই জুটির। ২০২৩-এর মাঝামাঝি থেকে তাঁরা ফের একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন।

গত বছর সংবাদমাধ্যমকে রাহুল বলেছিলেন, “যে মামলাটা অনেক দিন ধরে চলছিল, সেটা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। এখনও একসঙ্গে শিফট করিনি, তবে খুব শিগগিরই থাকব।” এই খবরে সবচেয়ে খুশি তাঁদের ছেলে সহজ। বাবা-মাকে একসঙ্গে পাওয়ার আনন্দ তার কাছে সবচেয়ে বড় উপহার। এরপর থেকে উৎসবের দিনগুলোতে পরিবারের সঙ্গে এক ফ্রেমে বারবার দেখা গেছে এই জুটিকে।

অন্য সম্পর্কের গুঞ্জন

বিচ্ছেদের সময় রাহুল ও প্রিয়াঙ্কা দুজনেই অন্য সম্পর্কে জড়িয়েছেন বলে টলিপাড়ায় গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও কেউই এই বিষয়ে মুখ খোলেননি। তবে ছেলে সহজকে বড় করার দায়িত্ব দুজনেই পালন করেছেন। অভিনয়ের পাশাপাশি সহজের জন্য সময় বের করতে চেষ্টা করেন বাবা-মা দুজনেই।

‘চিরদিনই তুমি যে আমার’ থেকে শুরু

প্রিয়াঙ্কার বড় পর্দায় আত্মপ্রকাশ হয় ২০০৮ সালে ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির মাধ্যমে। এই ছবিতে রাহুলের সঙ্গে তার জুটি বক্স অফিসে সুপারহিট হয়। রিলের এই জুটি দ্রুত রিয়েল লাইফেও হিট হয়ে ওঠে। ২০১০ সালে তারা বিয়ে করেন। তবে সাত বছর পর ২০১৭ থেকে আলাদা হলেও, ২০২৩ থেকে ফের একসঙ্গে ফিরে এসেছেন তারা।

ভক্তদের প্রত্যাশা

রাহুল-প্রিয়াঙ্কার এই পুনর্মিলন ভক্তদের মনে নতুন আশা জাগিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে দেখে অনেকে মনে করছেন, কৃষ্ণ-পল্লবীর সেই পুরোনো রসায়ন ফের পর্দায় ফিরতে পারে। এখন দেখার, এই জুটি কবে আবার পর্দায় একসঙ্গে হাজির হন।