এবিএসএস-এর অন্তর্গত স্টেশনগুলির কাম-কাজের অগ্রগতি পরিদর্শনে, এনএফআর-এর জেনারেল ম্যানেজার

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর)-এর জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব অমৃত ভারত স্টেশন স্কিম (এবিএসএস)-এর অন্তর্গত স্টেশনগুলির পুনর্বিকাশ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করলেন। তিনি নারেঙ্গি, জাগিরোড, চাপরমুখ ও হয়বরগাঁও স্টেশনগুলির নির্মাণ কাজ খতিয়ে দেখেন। এই স্টেশনগুলি সেই ৫০টি স্টেশনের মধ্যে রয়েছে, যেগুলিকে এবিএসএস-এর অধীনে আধুনিকায়নের জন্য নির্বাচিত করা হয়েছে।

এই পুনর্বিকাশ প্রকল্পের মাধ্যমে স্টেশনগুলিকে নতুন অবকাঠামো ও উন্নত সুযোগ-সুবিধা প্রদান করা হবে। নারেঙ্গির জন্য ৩০.৯৫ কোটি টাকা, জাগিরোডের জন্য ৩১.১৮ কোটি টাকা, চাপরমুখের জন্য ৩১.৮৭ কোটি টাকা ও হয়বরগাঁওয়ের জন্য ১৪.৯৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এনএফআর-এর অধীনে থাকা মোট ৯২টি স্টেশনকে এবিএসএস প্রকল্পের আওতায় উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

জেনারেল ম্যানেজার তাঁর সফরে স্টেশনগুলির আধুনিকীকরণ কাজের অগ্রগতি মূল্যায়ন করেন। তিনি জোর দিয়ে বলেন, নির্মাণ কাজের গুণগত মান বজায় রাখা, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা এবং সুরক্ষামানদণ্ড মেনে চলা অত্যন্ত জরুরি।

এবিএসএস প্রকল্পের মূল লক্ষ্য যাত্রীদের জন্য উন্নত পরিবহন অভিজ্ঞতা নিশ্চিত করা। এর আওতায় স্টেশনগুলির নান্দনিক উন্নতি, উন্নত প্রতীক্ষালয়, আলোকসজ্জা, নতুন সাইন বোর্ড, পরিচ্ছন্ন শৌচালয়, এবং আরও ভালো সার্কুলেটিং এরিয়ার ব্যবস্থা করা হচ্ছে।

জেনারেল ম্যানেজার সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করে দ্রুতগতিতে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন, যাতে যাত্রী পরিষেবা ব্যাহত না হয়। তিনি প্রকল্পের প্রশংসা করে বলেন, এটি ভারতীয় রেলকে বিশ্বমানের পরিবহণ ব্যবস্থায় পরিণত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।