হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে উদ্ধার ১৫ কোটি টাকা! কোথা থেকে এলো তো টাকা? তদন্তে সংসদ

দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে ১৫ কোটি টাকারও বেশি নগদ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে। অধিকাংশ নোট পুড়ে যাওয়ায় টাকার উৎস এবং বৈধতা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। এবার এই ঘটনাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে সংসদ।

সূত্রের খবর, বিচারপতি যশবন্ত ভর্মার দিল্লির বাংলো থেকে গত সপ্তাহে দমকল কর্মীরা এই বিপুল নগদ উদ্ধার করেন। ঘটনার সময় বিচারপতি বাড়িতে ছিলেন না, তবে তাঁর পরিবারের সদস্যরাই আগুন লাগার খবর দেন দমকল বিভাগকে। আগুন নেভানোর পর যখন কর্মীরা বাড়ির নীচতলায় যান, তখন দেখতে পান বান্ডিল বান্ডিল টাকা ছড়িয়ে রয়েছে, যার অধিকাংশই অগ্নিদগ্ধ। এই বিপুল পরিমাণ টাকার উৎস সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।

এই ঘটনা সামনে আসার পরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কলোজিয়ামের সঙ্গে বৈঠক করে বিচারপতি যশবন্ত ভর্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করেন। যদিও বিচারপতির দাবি, তিনি এই ঘটনার কিছুই জানেন না এবং তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে।

এদিকে, আজ সকালে সংসদীয় আলোচনার জন্য রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে এবং রাজ্যসভার দলনেতা জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করতে চলেছেন। সূত্রের খবর, এই বৈঠকে বিচারপতির বিরুদ্ধে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

বিচারপতির বিরুদ্ধে তদন্তের দাবি প্রথম সংসদে তোলেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতেই আজকের এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বিরোধী শিবিরের দাবি, বিচারবিভাগের স্বচ্ছতা বজায় রাখতে বিচারপতি যশবন্ত ভর্মার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে, বিজেপি নেতৃত্বও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে এবং এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চায় বলে জানিয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিচারবিভাগের বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এখন দেখার, তদন্তে কী তথ্য উঠে আসে এবং সংসদীয় বৈঠকের পর কী পদক্ষেপ নেওয়া হয়।