“BJP ক্ষমতায় এলে মায়েদের ৩০০০ টাকা দেবে”- আর কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?

তৃণমূলে যোগ দিলেন বিধায়ক তাপসী মণ্ডল। শনিবার তাঁর নিজস্ব এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি জানান, আগামী ছাব্বিশে বিজেপি সরকারে এলে রাজ্যবাসী কী কী সুবিধা পেতে পারেন।

আজও বিরোধী দলনেতা বিশেষভাবে হিন্দু ভোটের উপর গুরুত্ব দেন। ভোটে কারচুপি নিয়ে নিজের মত প্রকাশ করে শুভেন্দু বলেন, “হিন্দুরা যদি একটু সদয় হন, তাহলে রাজ্যে সরকার বদলানো সম্ভব।” তাঁর মতে, “সিপিএম লড়ছে, কিন্তু পারছে না। ৩০ শতাংশ হিন্দু ভোট দিতে যান না। ৬৫-৬৮ শতাংশ ভোট দেন। আপনারা শুধু ভোট দিতে বের হন, বাকিটা বুঝে নেব আমরা।” এমনকি, তিনি বাংলাদেশের প্রসঙ্গও তোলেন এবং সেখানে হিন্দুদের উপর হওয়া নির্যাতনের কথা উল্লেখ করেন।

এরপর শুভেন্দু প্রতিশ্রুতি দেন, “বিজেপি ক্ষমতায় এলে মায়েদের ৩০০০ টাকা দেওয়া হবে।” অর্থাৎ, রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের অর্থ আরও বাড়ানোর ইঙ্গিত দেন তিনি। পাশাপাশি, তিনি বলেন, “২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে, এক লক্ষ নয়, তিন লক্ষ টাকা পর্যন্ত বাড়ি দেওয়া হবে, প্রতিবছর এসএসসি পরীক্ষা নেওয়া হবে এবং জেলায় জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে। টাটাকে ফিরিয়ে আনার জন্য সবরকম প্রচেষ্টা করা হবে।”