Recipe: শেষপাতে পেট ঠান্ডা রাখতে রাখুন কাঁচা আমের টক, জেনেনিন বানানোর পদ্ধতি

গরমকাল প্রায় দোরগোড়ায়। এরই মধ্যে বাজারে চোখে পড়ছে কাঁচা আম। যদিও কাঁচা আমের মরশুম এখনও পুরোপুরি শুরু হয়নি, তবু কিছু কিছু জায়গায় এর দেখা মিলছে। কাঁচা আম দিয়ে ডাল, চাটনি, আচারের পাশাপাশি তৈরি করা যায় মজাদার ‘কাঁচা আমের টক’। বানানোর পদ্ধতি সহজ, আর খেতেও দারুণ। গরমে এটি শুধু স্বাদই বাড়ায় না, শরীরের জন্যও উপকারী।
কাঁচা আমের উপকারিতা
গরমে পেট ঠান্ডা রাখতে কাঁচা আমের জুড়ি মেলা ভার। এটি লিভারের সমস্যা থেকে মুক্তি দেয় এবং চুল ও ত্বকের জন্যও উপকারী। কাঁচা আমে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, জিঙ্ক এবং আয়রনের মতো পুষ্টিগুণ। এই গুণগুলো শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।
কাঁচা আমের টক তৈরির উপকরণ
- কাঁচা আম: ৩-৪টি
- সর্ষে: সামান্য
- তেজপাতা: ১টি
- শুকনো লঙ্কা: ১-২টি
- নুন: স্বাদমতো
- হলুদ গুঁড়ো: ১ চা চামচ
- জল: ১ কাপ
- চিনি: ৩-৪ চা চামচ
- তেল: সামান্য
তৈরির পদ্ধতি
১. প্রথমে কাঁচা আমের খোসা ছাড়িয়ে নিন। এরপর আমগুলোর গায়ে নুন ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। তবে বেশিক্ষণ এভাবে রাখবেন না।
২. একটি কড়াইয়ে সামান্য তেল গরম করুন। তেল হালকা গরম হলে তাতে গোটা সর্ষে, শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে ফোঁড়ন দিন।
৩. ফোঁড়ন ভাজা হলে নুন-হলুদ মাখানো আমগুলো দিয়ে দিন। কিছুক্ষণ কষিয়ে নিন।
৪. আম কষা হয়ে গেলে ১ কাপ জল দিয়ে ফুটতে দিন। মিশ্রণ ফুটে উঠলে তাতে ৩-৪ চা চামচ চিনি মেশান।
৫. মিশ্রণটি অল্প ঘন হয়ে এলে গ্যাস থেকে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল কাঁচা আমের টক।
স্বাদ ও স্বাস্থ্যের মেলবন্ধন
এই কাঁচা আমের টক গরমে ভাতের সঙ্গে পরিবেশন করলে স্বাদ দ্বিগুণ হয়। এটি শুধু মুখরোচকই নয়, গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। বাড়িতে সহজে তৈরি করা যায় বলে এটি গৃহিণীদের কাছেও জনপ্রিয় হয়ে উঠছে।
গরমের শুরুতেই বাজারে কাঁচা আমের আগমন খুশির খবর। এই সুযোগে বানিয়ে ফেলুন কাঁচা আমের টক আর উপভোগ করুন স্বাদের সঙ্গে স্বাস্থ্যের এই দারুণ সংযোজন।