মাওবাদী অভিযানের সময় বিস্ফোরণে শহিদ সিআরপিএফ অফিসার, বাড়িতে ফিরল দেহ

ঝাড়খণ্ডে মাওবাদী বিরোধী অভিযানের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে শহিদ হলেন সিআরপিএফ ১৮৩ ব্যাটেলিয়নের এএসআই সুনীল মণ্ডল। শনিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের ছোটানাগরা থানার বনগ্রাম মারাংপেঙা এলাকায়। আজ তাঁর মরদেহ পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার অন্তর্গত গাছউপড়া গ্রামে আনা হয়।

শহিদের শেষ যাত্রা, পরিবারের শোকের ছায়া
শহিদ জওয়ান সুনীল মণ্ডল গোয়ালতোড়ের গাছউপড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর স্ত্রী লক্ষ্মী মণ্ডল ও চার সন্তানকে রেখে চলে গেলেন তিনি। পরিবার ও গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

মৃতদেহ বাড়িতে পৌঁছানোর পর তাঁকে গার্ড অফ অনার দেওয়া হবে। স্থানীয় সিআরপিএফ ক্যাম্পের আধিকারিকরাও সেখানে উপস্থিত হয়েছেন।

কীভাবে ঘটল বিস্ফোরণ?
শনিবার দুপুরে সিআরপিএফ বাহিনী মাওবাদী দমনে চিরুনি তল্লাশি চালাচ্ছিল ঝাড়খণ্ডের জঙ্গলে। বেলা ২:৩০ থেকে ২:৪৫-এর মধ্যে মারাংপেঙা জঙ্গলে শক্তিশালী ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটে। তাতে গুরুতর আহত হন বেশ কয়েকজন জওয়ান। সেই সময়েই শহিদ হন সুনীল মণ্ডল।

“দেশের জন্য জীবন উৎসর্গ করব বলেছিলেন”
এক আত্মীয় বলেন, “উনি খুব ভালো মানুষ ছিলেন। বলতেন, ভয়ের কিছু নেই, দেশের কাজের জন্য যদি জীবন যায়, যাবে।”

শহিদের বিদায়ে গোটা গ্রাম আজ শোকার্ত। তাঁর আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।