ভারতের আয়কর দফতরের অভিযানে ৪০০ কোটি মূল্যের সম্পদ বাজেয়াপ্ত!

বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪০০ কোটি রুপি মূল্যের ‘বেনামি’সম্পদ বাজেয়াপ্ত করেছে ভারতের আয়কর বিভাগ। বাজেয়াপ্তকৃত এই সম্পদের মধ্যে বিপুল পরিমাণ অর্থ ছাড়াও রয়েছে স্বর্ণ, হীরাসহ অনেক মূল্যবান সামগ্রী।
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে আয়কর বিভাগের পৃথক অভিযানে উদ্ধারকৃত এসব অর্থ-সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা করা হয়। বৃহস্পতিবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ।
সংবাদমাধ্যম বলছে, কর ফাঁকি মামলায় মহারাষ্ট্রের জালনার একাধিক স্থানে তল্লাশি চালিয়ে ৩৯০ কোটি মূল্যের বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে আয়কর বিভাগ। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে ৫৬ রুপি নগদ অর্থ, ৩২ কেজি স্বর্ণ এবং ১৪ কোটি মূল্যের হীরা।
আয়কর দপ্তর সূত্রে জানানো হয়েছে, গত চলতি মাসের ১ তারিখ থেকে ৮ তারিখের মধ্যে দু’টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের একাধিক ঠিকানায় অভিযান চালিয়ে এই সম্পদ উদ্ধার করা হয়েছে। মোট কত সম্পদ উদ্ধার হল, তা নির্ধারণ করতে আয়কর কর্মকর্তাদের ১৩ ঘণ্টা সময় লেগে যায়।
সংবাদমাধ্যম বলছে, একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর ফাঁকির ব্যাপারে তথ্য পাওয়ার পরই আয়কর দপ্তর পাঁচটি পৃথক দল গঠন করে। এই দলগুলোতে ছিলেন ২৬০ জন আয়কর কর্মকর্তা। তারাই বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই সম্পত্তি বাজেয়াপ্ত করেন।
এছাড়া অভিযানের সময ১২০টিরও বেশি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানানো হয়েছে।