“স্তন চেপে ধরাও ধর্ষণের চেষ্টা নয়!”- বিচারপতির রায়ে রায়ে বিতর্ক, পদক্ষেপের আর্জি সুপ্রিম কোর্টে

এলাহাবাদ হাইকোর্টের এক চাঞ্চল্যকর রায়ে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশের কাশগঞ্জে এক নাবালিকাকে যৌন নির্যাতনের মামলায় বিচারপতি রাম মনোহর নারায়ণ মিশ্রার বেঞ্চ জানিয়েছে, স্তন খামচে ধরা এবং পাজামার ফিতে খুলে ফেলা ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা নয়, এটি শারীরিক নিগ্রহ। এই রায়ে সরাসরি অখুশি কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। তিনি বলেছেন, এটি সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত এবং এর ফলে সমাজে ভুল বার্তা যেতে পারে।
২০২১ সালে কাশগঞ্জে এক ১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে দুই যুবকের বিরুদ্ধে। অভিযোগ, তারা নাবালিকাকে ভুলিয়ে রাস্তায় কালভার্টের কাছে টানতে টানতে নিয়ে যায়। এরপর তার স্তন খামচে ধরে এবং পাজামার ফিতে খুলে ফেলে। নাবালিকার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে তারা পালিয়ে যায়।
কাশগঞ্জের নিম্ন আদালত এই ঘটনায় ধর্ষণ এবং পকসো আইনের ধারায় মামলা দায়ের করে। কিন্তু এলাহাবাদ হাইকোর্ট এই রায় বাতিল করে। বিচারপতি রাম মনোহর নারায়ণ মিশ্রার বেঞ্চ জানায়, এই ঘটনা ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার আওতায় পড়ে না। আদালত ৩৫৪-বি ধারায় অপরাধমূলক বলপ্রয়োগ এবং পকসো আইনের ৯/১০ ধারায় শারীরিক নির্যাতনের মামলা দায়েরের নির্দেশ দেয়।
এই রায়ে সমাজের বিভিন্ন মহল থেকে সমালোচনা উঠেছে। কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন, ‘‘এই সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল। এটি সমাজে ভুল বার্তা পাঠাবে। নারীর বিরুদ্ধে যেকোনো ধরনের শারীরিক নিগ্রহ গুরুতর অপরাধ এবং এর কঠোর শাস্তি হওয়া উচিত।’’
নারীবাদী সংগঠনগুলিও এই রায়ের তীব্র সমালোচনা করেছে। তারা বলছে, এই ধরনের রায় নারীর বিরুদ্ধে অপরাধকে হালকা করে দেখার প্রবণতা বাড়াবে। নারীর সুরক্ষা ও অধিকারের প্রশ্নে এটি একটি বিপজ্জনক নজির তৈরি করতে পারে।
আইন বিশেষজ্ঞদের একাংশ অবশ্য বলছেন, আদালতের রায় আইনের ব্যাখ্যার ভিত্তিতে দেওয়া হয়েছে। তবে এই রায়ের প্রেক্ষিতে পকসো আইন এবং নারীর বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত আইনগুলির পুনর্মূল্যায়নের দাবি উঠেছে।
এই ঘটনা এবং রায় নিয়ে সামাজিক মাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন, নারীর বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগ এবং সচেতনতা বাড়ানো জরুরি। এখন সকলের চোখ কেন্দ্রীয় সরকারের দিকে, তারা এই বিষয়ে কী পদক্ষেপ নেয়।