সাতসকালে এয়ার ইন্ডিয়া বিমানে মিলল নিথর দেহ। বসে থাকা অবস্থায় যাত্রীর মৃত্যু

সকালের ফ্লাইটেই ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। দিল্লি থেকে লখনউগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI2845-এ এক যাত্রীর নিথর দেহ উদ্ধার করা হয়েছে। বিমানের আসনেই বসে থাকা অবস্থায় মৃত্যু হয় ওই যাত্রীর। তাঁর নাম আসিফুল্লাহ আনসারি।

শুক্রবার সকালে লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণের পর বিষয়টি নজরে আসে। অভিযোগ, অন্য যাত্রীরা যখন বিমান থেকে নামছিলেন, তখনও আসিফুল্লাহ আনসারি নিজের আসনেই নিশ্চল অবস্থায় ছিলেন। প্রথমে কেউ বিষয়টি বুঝতে পারেননি, কিন্তু অনেকক্ষণ তাঁকে অনড় দেখে বিমান কর্মীরা এগিয়ে যান। ডাকাডাকির পরও কোনও সাড়া না পেয়ে চিকিৎসককে ডাকা হয়। চিকিৎসক পরীক্ষা করে জানান, ওই যাত্রী আর জীবিত নেই।

সূত্রের খবর, দিল্লি থেকে উড়ান নেওয়ার পর মাঝ আকাশেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। বিমানের আসনে সিট বেল্ট পরা অবস্থাতেই পাওয়া যায় তাঁকে। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, এর আগেও যাত্রীর মৃত্যু নিয়ে বিতর্কে জড়িয়েছে এয়ার ইন্ডিয়া। ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি মুম্বই বিমানবন্দরে হুইলচেয়ার না পাওয়ায় এক ৮০ বছরের বৃদ্ধের মৃত্যুর ঘটনা সামনে এসেছিল। ওই ঘটনায় এয়ার ইন্ডিয়াকে ৩০ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছিল।