৫লাখ টাকা দিয়ে মেলেনি চাকরি, ইন্টারভিউ দেওয়ার নামে ডেকে তরুণীকে ধর্ষণ TMC নেতার

কোচবিহারের দিনহাটায় তৃণমূল নেতার বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ উঠেছে। চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত নেতা আবদুল মান্নান, দিনহাটা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি, পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

প্রাথমিক শিক্ষকের চাকরির জন্য কয়েক বছর আগে তরুণীর বাবা ৫ লক্ষ টাকা দেন আবদুল মান্নানকে।চাকরি না পেয়ে টাকা ফেরতের দাবি করলে, ইন্টারভিউর নাম করে ওই তরুণীকে ডেকে নেন অভিযুক্ত। নিজের গাড়িতে তুলে ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন মান্নান, তুলে রাখেন নগ্ন ছবি ও ভিডিও।এরপর টাকা চাইলে, সেই ছবি-ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি।তরুণীকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টা করেন অভিযুক্ত। অস্বীকার করলে, মাথায় মদের বোতল ভেঙে দেন।তরুণীর চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করেন। এরপর থানায় অভিযোগ দায়ের হয়।

এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে, এবং অভিযুক্ত মান্নান আত্মসমর্পণ করেছেন। যদিও তাঁর দাবি, এটি একটি রাজনৈতিক চক্রান্ত।

এর আগে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের তৃণমূল পার্টি অফিসে মহিলাকে ধর্ষণের অভিযোগ ঘিরে রাজ্যে তোলপাড় হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের তৃণমূল নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল, যা রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।