জাহ্নবীর প্রেমিককে সোশ্যাল মিডিয়ায় ‘দলিত’ বলে খোঁজা নেটিজেনের, যোগ্য জবাব ফিরিয়ে দিলেন শিখর

শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের সঙ্গে শিখর পাহাড়িয়ার সম্পর্ক নিয়ে বলিপাড়ায় চর্চার শেষ নেই। একসময়ের বন্ধুত্ব এখন প্রেমের সম্পর্কে পরিণত হয়েছে। কিন্তু সম্প্রতি এক নেটিজেনের মন্তব্য ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন শিখর।

ঘটনার সূত্রপাত শিখরের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে। গত বছর দীপাবলি উদযাপনের একটি ছবি শেয়ার করেছিলেন শিখর পাহাড়িয়া, যেখানে তিনি ছিলেন প্রেমিকা জাহ্নবী কাপুর এবং তাঁর পোষ্যদের সঙ্গে। সেই পোস্টের কমেন্ট সেকশনে গিয়ে এক নেটিজেন লেখেন, ‘তুই তো দলিত’!

সাধারণত শিখর পাহাড়িয়া চুপচাপ স্বভাবের হলেও এবার তিনি চুপ থাকেননি। ওই কটাক্ষের যোগ্য জবাব দিয়েছেন তিনি।

নেটিজেনকে কড়া ভাষায় জবাব শিখরের

শিখর পাল্টা লিখেছেন,
“এটা সত্যিই দুঃখজনক যে ২০২৫ সালে দাঁড়িয়েও আপনার মতো এত নিকৃষ্ট এবং পিছিয়ে পড়া মানসিকতার মানুষের অস্তিত্ব এখনও রয়েছে।”

তিনি আরও লেখেন,
“দীপাবলি হল আলো, অগ্রগতি এবং ঐক্যের উৎসব – যা স্পষ্টতই আপনার সীমিত বুদ্ধির বাইরে। ভারতবর্ষের মূল শক্তিই হল এর বৈচিত্র্য, যা আপনি কখনও বুঝবেন না। দুনিয়ায় অজ্ঞতা ছড়িয়ে দেওয়ার পরিবর্তে, আপনার নিজেকে শিক্ষিত করার দিকে মনোনিবেশ করা উচিত। কারণ এই মুহূর্তে এখানে একমাত্র জিনিস যা প্রকৃত অর্থে ‘অস্পৃশ্য’, তা হল আপনার চিন্তাভাবনার স্তর।”

কে এই শিখর পাহাড়িয়া?

শিখর পাহাড়িয়া শুধু জাহ্নবী কাপুরের প্রেমিক নন, তিনি একজন সফল উদ্যোক্তা এবং রাজনীতিক পরিবারের সদস্য। ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার শিন্দের নাতি তিনি।

এমন কটাক্ষের মুখে দাঁড়িয়ে শিখরের এহেন দৃঢ় জবাব নেটিজেনদের একাংশের প্রশংসা কুড়িয়েছে। তাঁর বক্তব্যের পর অনেকেই সমর্থনে মন্তব্য করেছেন এবং ভারতীয় সমাজে বিভাজনের বিরুদ্ধে গলা তুলেছেন।

জাহ্নবী কাপুর এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি, তবে শিখর পাহাড়িয়ার অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে তিনি কোনও বৈষম্যমূলক মন্তব্যকে প্রশ্রয় দেন না।