শিশুদের ওজন বৃদ্ধির মোকাবেলায় ‘মিড ডে মিল’ নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্র সরকারের

ভারতে শিশুদের ওজন বৃদ্ধির সমস্যা মোকাবেলায় কেন্দ্র সরকার মিড ডে মিলের খাবারে ভোজ্য তেলের ব্যবহার কমানোর নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিড ডে মিলের রান্নায় তেলের ব্যবহার ১০ শতাংশ কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ‘পরীক্ষা পে চর্চা ২০২৫’ এবং ‘মন কি বাত’ অনুষ্ঠানে শিশুদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কী বলছে সমীক্ষা?
একটি সমীক্ষা অনুযায়ী, ১৯৯০ সালে ভারতে ৫ থেকে ১৯ বছর বয়সী অতিরিক্ত ওজনের শিশুর সংখ্যা ছিল ৪ লক্ষ। ২০২২ সালে তা বেড়ে ১.২৫ কোটিতে পৌঁছেছে। বিশেষ করে শহুরে শিশুদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে।
কেন্দ্রের পরামর্শ
মিড ডে মিলের রান্নায় তেলের ব্যবহার ১০ শতাংশ কমানো।পুষ্টিবিদদের দিয়ে স্কুলে সচেতনতা বৃদ্ধির কর্মসূচি।স্বাস্থ্যকর জীবনধারার জন্য শরীরচর্চা ও যোগব্যায়ামের প্রচার।রান্নার কর্মীদের প্রশিক্ষণ এবং প্রয়োজনে সেঁকা বা সেদ্ধ রান্নার উপর জোর।
তবে, পশ্চিমবঙ্গের শিক্ষক সংগঠনগুলি এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। তাদের দাবি, শুধু তেল কমালেই পুষ্টির উন্নতি হবে না। বরং মিড ডে মিলের জন্য বরাদ্দ বাড়ানো দরকার। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির মতে, প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ ৬ টাকা ১৯ পয়সা এবং উচ্চ প্রাথমিকের জন্য ৯ টাকা ২৯ পয়সা। এই বরাদ্দে পুষ্টিকর খাবার নিশ্চিত করা কঠিন।
শিক্ষক সংগঠনগুলির দাবি, এই নির্দেশ আর্থিকভাবে পিছিয়ে পড়া লক্ষ লক্ষ পড়ুয়ার কথা বিবেচনা না করেই দেওয়া হয়েছে।
শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রের পদক্ষেপ প্রশংসনীয় হলেও, রাজ্যের শিক্ষক সংগঠনগুলির দাবি বিবেচনা করে বরাদ্দ বৃদ্ধি করা এবং পুষ্টির মানোন্নয়নে উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি।