‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ এ দেখা যাবে দাদাগিরির সৌরভকে! কবে মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সে?

‘স্বাগত নেহি করোগে হামারা?’ দাবাং খান সলমনের স্টাইলে এন্ট্রি নিলেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এবার ক্রিকেট মাঠে নয়, বরং নেটফ্লিক্সের নতুন ক্রাইম থ্রিলার সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রোমোশনে পুলিশ অফিসারের চরিত্রে দেখা গেল সৌরভকে।

আগামী ২০ মার্চ মুক্তি পেতে চলেছে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’। তার আগেই সিরিজের প্রোমোশনের দায়িত্ব নিয়ে বাজিমাত করলেন বাংলার দাদা। নেটফ্লিক্সের তরফে প্রকাশিত এক মজাদার ভিডিওতে সৌরভকে দেখা গেল পুলিশের পোশাকে। ভিডিওর শুরুতেই সৌরভের সংলাপ, “বাংলা নিয়ে শো হচ্ছে আর দাদাকে ডাকবে না?” — মুহূর্তে ভাইরাল এই সংলাপ।

সৌরভের দুর্দান্ত অভিনয়

ভিডিওতে দেখা যায়, ‘খাকি ২’-এর জন্য অডিশন দিতে হাজির হয়েছেন সৌরভ। পরিচালক অয়ন সেনগুপ্ত তাঁকে বিভিন্ন দৃশ্যে অভিনয় করতে বলেন। প্রথমেই সৌরভকে বলা হয়, চোখে অ্যাগ্রেশন আনতে। উত্তরে সৌরভ বলেন, “অ্যাগ্রেশন তো অনেক আছে, কাউকে মনে করছি…”। ঠিক সেই মুহূর্তেই পর্দায় ভেসে ওঠে সৌরভ-গ্রেগ চ্যাপেল বিতর্কের ছবি, যা দেখে হেসে গড়াগড়ি নেটিজেনরা।

এরপর অপরাধীদের মারধর করার দৃশ্যে লাঠি হাতে সৌরভের বিখ্যাত ‘কাট’, ‘কভার ড্রাইভ’ ও ‘পুল শট’ স্টাইলে লাঠি চালাতে দেখা যায়। তবে সৌরভের মুখে শোনা যায়, “আমি অফসাইডেই খেলতে বেশি পছন্দ করি” — যা তাঁর ক্রিকেট কেরিয়ারের বিখ্যাত সংলাপ।

নেটিজেনদের প্রশংসায় ভাসছেন সৌরভ

নেটফ্লিক্সের অফিসিয়াল পেজ থেকে শেয়ার করা হয়েছে ভিডিওটি। ক্যাপশনে লেখা, “দ্য বেঙ্গল টাইগার মিটস দ্য বেঙ্গল চ্যাপ্টার!”। ভিডিও প্রকাশ্যে আসার পরই কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভক্তরা। টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও মজার ছলে লেখেন, “তুমি ইতিমধ্যেই আমাদের টিমের অংশ। জিৎ, তুমি কী বলবে?”

কী নিয়ে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’?

নীরজ পান্ডের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’-এর পর এবার বাংলা নিয়ে আসছে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’। বাংলার অপরাধ জগত, পুলিশ প্রশাসনের লড়াই ও অন্ধকার জগতের গল্প উঠে আসবে এই সিরিজে। সৌরভ যদিও সিরিজের অংশ নন, তবে তাঁর এই প্রোমোশানাল ভিডিও ইতিমধ্যেই শো-এর জনপ্রিয়তা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

সৌরভের নতুন ইনিংস?

ক্রিকেট মাঠে তাঁর দাদাগিরি আমরা বহুবার দেখেছি। এবার কি সৌরভ অভিনয় জগতে পা রাখতে চলেছেন? নেটিজেনদের একাংশের দাবি, সৌরভকে ভবিষ্যতে সিনেমাতেও দেখতে চান তাঁরা।

২০ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’। তবে তার আগেই সৌরভের এই ভাইরাল ভিডিও দখল করে নিল দর্শকমহল।

“দ্য বেঙ্গল টাইগার” আসলে কতটা ভয়ঙ্কর হতে পারেন, তা এবার পর্দাতেও দেখবে বাংলা!”