“পশ্চিমবঙ্গে হিন্দুরা আর পড়ে পড়ে মার খাবে না”- দাবি শুভেন্দু অধিকারীর

পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর একতরফা হামলার দিন শেষ। আর পড়ে পড়ে মার খাবে না হিন্দুরা। সরাসরি এমন মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার দিল্লি রওনা দেওয়ার আগে দমদম নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বার্তা দেন তিনি।
দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছেন শুভেন্দু। তবে রাজ্য বিজেপির নতুন সভাপতি ঘোষণার আগে তাঁর এই সফর ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। শুভেন্দু অধিকারী বলেন, “এখন আর কিছু একতরফা হবে না। সরস্বতী পুজোয় প্রমাণ হয়েছে। এবার রামনবমীতেও প্রমাণ হবে। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। পশ্চিমবঙ্গে হিন্দুদের আর পড়ে পড়ে মার খাওয়ার দিন নেই। ইট যে ছুড়বে, তাকে পাটকেল খেতে হবে। রসগোল্লা দিয়ে আপ্যায়ন করা হবে না।”
রাজ্য বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারের আমন্ত্রণেই দিল্লি গিয়েছেন শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, দিল্লিতে সুকান্ত মজুমদারের বাসভবনে রাজ্যের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করবেন তিনি। রাজনৈতিক মহলের অনুমান, রাজ্য বিজেপির নতুন সভাপতির বিষয়ে সাংসদদের মতামত নিতেই এই বৈঠক।
তবে শুভেন্দুর দিল্লি সফরের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সম্ভাব্য সাক্ষাৎ। যদিও শুভেন্দু নিজে এই বিষয়ে কিছু খোলসা করেননি, তবে সূত্রের খবর, সোমবার রাতেই কলকাতায় ফেরার কথা তাঁর।
রাজ্য বিজেপির অন্দরে যখন নতুন সভাপতি নির্বাচনের জল্পনা তুঙ্গে, তখন শুভেন্দুর এই সফর যে রাজ্য রাজনীতিতে বড়সড় বার্তা দিচ্ছে, তা বলাই বাহুল্য। তাঁর হিন্দু ভোটব্যাঙ্ককে সংহত করার বার্তা ও রাজনৈতিক কৌশল নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।