হাওড়ার পথ দুর্ঘটনায় মৃত্যু ভারত সেবা সংঘের মহারাজ ও কর্মীর, আহতরা রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে

সোমবার সকাল 16 নম্বর জাতীয় সড়কে হাওড়ার বাগনান লাইব্রেরি মোড়ে ঘটল এক ভয়াবহ পথ দুর্ঘটনা, যার ফলে ভারত সেবা সংঘের এক মহারাজ ও এক কর্মী প্রাণ হারালেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫ জন, তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর রাস্তা রক্তে ভেসে যায় এবং আহতরা রাস্তার উপর ছড়িয়ে পড়েন। দুর্ঘটনার তীব্রতায় আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালিগঞ্জের ভারত সেবা সংঘ থেকে একটি ম্যাটাডোর ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে রওনা দেয়। ম্যাটাডোরটিতে ভারত সেবা সংঘের একাধিক সদস্য ছিলেন। আজ সকালে বাগনান লাইব্রেরি মোড়ে আসতেই আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের লেনে চলে যায় ম্যাটাডোরটি। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসছিল একটি বালিবোঝাই লরি, এবং দ্রুতগতিতে সংঘর্ষ হয় তাদের মধ্যে। দুর্ঘটনার পর প্রাইভেট একটি গাড়ি ম্যাটাডোরটির পিছনে ধাক্কা মারে। এই তীব্র সংঘর্ষের ফলে পুরো এলাকা কেঁপে ওঠে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। ভারত সেবা সংঘের সন্ন্যাসী স্বামী সুভাষ মহারাজ এবং সংঘের আরও এক কর্মী গুরুতর আহত অবস্থায় উদ্ধার হন। তাদের দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত পাঁচ জনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

এ দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার কারণ জানতে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।