‘সুপ্রিম-অভিষেকেই’ RG Kar মামলা শুনবেন নতুন বিচারপতি?

রবিবার দুপুরের মধ্যেই দিল্লিতে পৌঁছে গেছেন আরজি কর-কাণ্ডে নির্যাতিতার বাবা-মা। রাজধানীতে তাঁদের সঙ্গে যোগ দিয়েছে সিনিয়র ও জুনিয়র চিকিৎসকদের একটি প্রতিনিধি দল। আগামীকাল, সোমবার, সুপ্রিম কোর্টে মামলার শুনানি রয়েছে। কয়েক মাস আগে আরজি কর হাসপাতালে এক চিকিৎসকের নৃশংস হত্যা ও ধর্ষণের ঘটনায় সুপ্রিম কোর্ট নিজে থেকেই মামলা দায়ের করেছিল। সেই মামলার শুনানিই আজ অনুষ্ঠিত হতে চলেছে।
একই দিনে, সুপ্রিম কোর্টে নতুন বিচারপতি হিসেবে শপথ নেবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। জানা গেছে, সোমবার সকাল ১০টার কাছাকাছি তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন। প্রথা অনুযায়ী, শপথের পর নতুন বিচারপতিকে প্রধান বিচারপতির বেঞ্চে বসতে হয়। এই কারণে অনুমান করা হচ্ছে, আরজি কর মামলার শুনানি হয়তো এই বাঙালি বিচারপতির সামনেই হতে পারে।
নির্যাতিতার বাবা-মা সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন, এই মামলার বিচারপ্রক্রিয়া কলকাতা হাইকোর্টে স্থানান্তরিত করা হোক। এছাড়াও, শুনানির সময় শীর্ষ আদালতে উপস্থিত থাকতে ‘পাস’ চেয়ে আবেদন করেছেন তাঁরা। তবে, সেই ‘পাস’ এখনও হাতে পেয়েছেন কিনা, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েও তিলোত্তমার বাবা-মা ব্যর্থ হয়েছিলেন। সম্প্রতি সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষ জানিয়ে তাঁরা দাবি করেছিলেন, সঞ্জয় রায় একাই এই ঘটনার জন্য দায়ী নয়। তাঁরা শীর্ষ আদালতের কাছে পুনরায় তদন্তের আর্জি জানান। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।