৭৪ বছরেও ‘ফিট অ্যান্ড ফাইন’ প্রধানমন্ত্রী! কি খান সারাদিনে? দেখেনিন মোদীর সিক্রেট ডায়েট চার্ট

বয়স ৭৪ হলেও, শরীর ও মন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন এখনও ৫০-এর যুবক। এত ফিট ও চাঙ্গা থাকার রহস্য কী? মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানও এই প্রশ্ন এড়িয়ে যেতে পারেননি। ফ্রিডম্যানের পডকাস্টে নিজের ডায়েট চার্ট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদী।

প্রধানমন্ত্রী জানালেন, তাঁর চেহারা ধরে রাখার পেছনে প্রধান কৃতিত্ব উপবাসের। বিগত ৫০ থেকে ৫৫ বছর ধরে তিনি উপবাস পালন করে আসছেন। সারা বছর ধরে বিভিন্ন সময়ে তিনি নানা ধরনের উপবাস করেন। বিশেষ করে, বছরে সাড়ে চার মাস তিনি কঠোর অনুশাসনে থাকেন এবং সারাদিনে মাত্র একবার খাবার খান।

নবরাত্রি পালনের সময়ও মোদী কঠোর উপবাস করেন। দুটি নবরাত্রির নয়দিনই তিনি নিরামিষ উপবাসে থাকেন। একটি নবরাত্রিতে তিনি শুধুমাত্র একবেলা ফল খান, আর দুর্গাপুজোর সময় যে নবরাত্রি হয়, সেই সময় তিনি কেবল গরম জল পান করেন, খাবার স্পর্শ করেন না।

ফ্রিডম্যানকে বোঝানোর সময় মোদী চতুর্মাসের প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, “বর্ষাকালে হজম ক্ষমতা কমে যায়, তাই বহু মানুষ ২৪ ঘণ্টায় মাত্র একবার খাবার খান। আমি জুনের মাঝামাঝি থেকে দিওয়ালি পর্যন্ত এই নিয়ম মেনে চলি। সারাদিনে একবারই খাবার গ্রহণ করি।”

এছাড়াও, চৈত্র নবরাত্রির সময় তিনি নির্দিষ্ট একটি ফল খান টানা ৯ দিন। উদাহরণস্বরূপ, যদি তিনি পেঁপে পছন্দ করেন, তবে ওই ৯ দিন শুধুমাত্র পেঁপেই খান, অন্য কিছু স্পর্শ করেন না।

প্রধানমন্ত্রী জানান, বিগত ৫০ থেকে ৫৫ বছর ধরে এই রুটিন অনুসরণ করেই তিনি নিজেকে এত ফিট ও চাঙ্গা রাখতে সক্ষম হয়েছেন।