পুরীর জগন্নাথ মন্দিরে স্পাই-ক্যামেরা নিয়ে প্রবেশ, কী উদ্দেশ্য ছিল ব্যক্তির? চলছে তদন্ত

পুরীর জগন্নাথ মন্দিরে ক্যামেরা ও মোবাইল ফোন নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। ভক্তদের ব্যাগ, মোবাইল ফোন, ক্যামেরা, এমনকি ছাতা পর্যন্ত মন্দিরের বাইরে সরকারি অফিসে জমা রেখে প্রবেশ করতে হয়। তবুও এই কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে স্পাই-ক্যামেরা নিয়ে মন্দিরে প্রবেশ করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন এক ব্যক্তি।
শনিবার, দোলযাত্রা ও হোলির ছুটির আবহে ভক্তদের ভিড়ে ঘটনাটি ঘটে। ওড়িশা টিভি সূত্রে জানা যায়, ভাস্কর সামন্ত নামে এক ব্যক্তি গোপন ক্যামেরা ব্যবহার করে মন্দিরের অভ্যন্তরের ভিডিও ধারণ করছিলেন। মন্দিরের সিংহদুয়ারে থাকা নিরাপত্তারক্ষীরা বিষয়টি ধরে ফেলেন এবং পুলিশ তাকে আটক করে। পুলিশের তরফে স্পাই-ক্যামেরাটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং মেমোরি কার্ডে মন্দিরের অভ্যন্তরের ফুটেজ পাওয়া গেছে।
পুলিশ বর্তমানে ভাস্কর সামন্তকে আরও জিজ্ঞাসাবাদ করছে এবং তার উদ্দেশ্য খতিয়ে দেখছে। পুরীর জগন্নাথ মন্দিরে প্রতিদিন লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়, ফলে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর। এত নিরাপত্তার মধ্যেও কীভাবে তিনি ক্যামেরা নিয়ে প্রবেশ করলেন, তা তদন্তের বিষয়। তবে মন্দির কর্তৃপক্ষ এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি।
উল্লেখ্য, এটি প্রথম ঘটনা নয়। চলতি মাসের গোড়ার দিকেই মন্দিরের ভিতরে তোলা কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা ভক্তদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। পুলিশ জানায়, ওই ভিডিওগুলি একজন তরুণী শেয়ার করেছিলেন, যেখানে মন্দিরের বিভিন্ন অংশ এবং পুরী রেলওয়ে স্টেশন ও সমুদ্র সৈকতের দৃশ্য ছিল।
এছাড়া, জানুয়ারি মাসে মন্দিরের উপর দিয়ে একটি ড্রোন উড়তে দেখা যায়, যা প্রায় ২৫ মিনিট ধরে মন্দিরের আশপাশে ঘোরাফেরা করে। সেই সময়ও চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।
এই ঘটনার পর মন্দির কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার পরিকল্পনা করছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা এড়ানো যায়।