“ভূমিপুত্র দিয়ে তাপসীকে হারানো হবে”- বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

সদ্য বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া বিধায়ক তাপসী মণ্ডলকে ‘দলের বোঝা’ বলে কটাক্ষ করেছেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ঘোষণা করেছেন, আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হলদিয়ার কোনও ‘ভূমিপুত্র’ বা ‘ভূমিকন্যা’ দিয়ে তাপসীকে হারাবে বিজেপি। তাপসীর দলত্যাগের চার দিনের মাথায় বৃহস্পতিবার হলদিয়ায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে এক সম্মেলনে এই মন্তব্য করেন শুভেন্দু।

এই সম্মেলনে তাপসীকে নিশানা করার পাশাপাশি শুভেন্দু দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার পরিকল্পনা জানান। তিনি বলেন, আগামী মে মাসের মধ্যে হলদিয়ার পাঁচটি মণ্ডলে দলীয় কার্যালয় খোলা হবে। রাজনৈতিক মহলের মতে, তাপসীর দলত্যাগ তমলুক জেলায় বিজেপির জন্য বড় ধাক্কা। তাই তড়িঘড়ি এই বর্ধিত কর্মকর্তা সম্মেলনের আয়োজন করা হয়।

সভায় প্রধান বক্তা শুভেন্দু তাপসীকে ‘কম গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করলেও তাঁকে রুখতে জোট বাঁধার আহ্বান জানান। তিনি বলেন, “আপনি অপরাজেয় নন মাননীয়া। আপনার মামা প্রশান্ত দাসকে দিয়ে আপনাকে পুরসভার ভোটে হারিয়েছিলাম। আপনি হলদিয়ায় কাউকে একটাও কর্মসূচি করতে দেননি। সবার সঙ্গে বিরোধ করেন। লক্ষ্মণ শেঠ আপনাকে সৃষ্টি করেছে, তাঁর সঙ্গেও বিরোধ করেছেন। আমি বিধায়ক পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলাম। উনি এত লোভী, বিধায়ক পদ রেখে দলবদল করেছিলেন। হলদিয়ার কোনও ভূমিপুত্র বা ভূমিকন্যাকে দিয়ে বিজেপি আপনাকে হারাবে।”

কর্মীদের উদ্দেশে শুভেন্দু বলেন, “হলদিয়ার পাঁচটি মণ্ডলে মে মাসের মধ্যে কার্যালয় খুলতে হবে। এখন থেকে প্রস্তুতি শুরু করতে হবে। একজন তৃণমূল নেতা ফোন করে বলেছেন, নির্দেশ এসে গিয়েছে। আমরাও ২৬-এ তাপসীকে বুড়ো আঙুল দেখাব।” তিনি তাপসীকে কটাক্ষ করে বলেন, “কাল একটা ললিপপ ধরিয়ে দিয়েছে। শশী পাঁজার দফতরের নো-বাজেট ডিপার্টমেন্টে ওঁকে বসিয়েছে।”

তাপসীকে সম্প্রতি নারী ও শিশুকল্যাণ দপ্তরের অধীন নারী উন্নয়ন বোর্ডের চেয়ারপার্সন পদে নিয়োগ করেছে রাজ্য সরকার। এরপর শুভেন্দু ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারানোর প্রসঙ্গ টেনে বলেন, “মমতা ঘোষিত মুখ্যমন্ত্রী ছিলেন, তাঁকে হারিয়েছি। আবার ভবানীপুরে হারাব।” এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে— তা হলে কি ২০২৬ সালে ভবানীপুর থেকে লড়তে চান শুভেন্দু?

তাপসীর দলত্যাগের পর তমলুক সাংগঠনিক জেলার নতুন সভাপতি হিসেবে আইনজীবী মলয় সিনহার নাম সামাজিক মাধ্যমে ঘুরছে। এ দিনের সভায় মলয় সিনহাও উপস্থিত ছিলেন। শুভেন্দুর এই হুঁশিয়ারি ও সংগঠন মজবুত করার পরিকল্পনা ২০২৬-এর নির্বাচনের আগে হলদিয়ায় বিজেপির কৌশল স্পষ্ট করে দিয়েছে।