রোহিতদের ‘কোচ’ হলেন বলিউড অভিনেতা,জেনেনিন দায়িত্ব পেলেন কোন তারকা?

গত দুই বছরে আইপিএলে প্রত্যাশিত ফলাফল থেকে বঞ্চিত থাকা পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবার প্রতিযোগিতা শুরুর আগেই নজরকাড়া উদ্যোগ নিয়েছে। দলের তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রিত বুমরাহ ও তিলক ভার্মাদের জন্য বিশেষ কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলিউড অভিনেতা জ্যাকি শ্রফকে। এই অভিনব সিদ্ধান্তে জ্যাকিকে ‘স্পিরিট কোচ’ হিসেবে দলে অন্তর্ভুক্ত করেছে মুম্বাই কর্তৃপক্ষ।
আইপিএলের আসন্ন মরশুমে নির্ভীক ক্রিকেট খেলার লক্ষ্য নিয়ে মাঠে নামতে চায় মুম্বাই। আর সেই লক্ষ্য পূরণে দলের খেলোয়াড়দের মনোবল চাঙা রাখতে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। সাধারণত এমন দায়িত্ব মেন্টাল কন্ডিশনিং কোচের হাতে দেওয়া হলেও, মুম্বাই বেছে নিয়েছে বলিউডের জনপ্রিয় ‘হিরো’ জ্যাকি শ্রফকে। তিনি পুরো প্রতিযোগিতা জুড়ে দলের ‘স্পিরিট কোচ’ হিসেবে কাজ করবেন।
জ্যাকির প্রধান দায়িত্ব হবে ক্রিকেটারদের মানসিকভাবে সতেজ ও সাহসী রাখা। হার্দিক, রোহিতদের মতো অভিজ্ঞ তারকাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে তাদের সেরা পারফরম্যান্স বের করে আনার চেষ্টা করবেন তিনি। বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করে জানিয়েছে, জ্যাকিকে এই বিশেষ ভূমিকার জন্য নির্বাচিত করা হয়েছে।
ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে। দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের জ্যাকি কীভাবে মানসিকভাবে দৃঢ় রাখেন এবং তাদের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলতে পারেন, তা নিয়ে কৌতূহল তুঙ্গে। প্রতিযোগিতা শুরুর পরই বোঝা যাবে, এই নতুন ভূমিকায় জ্যাকি কতটা সফল হতে পারেন।
আইপিএল ২০২৪ মরশুম শুরু হবে আগামী ২২ মার্চ থেকে। মুম্বাই ইন্ডিয়ান্স তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে ২৩ মার্চ। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলটির প্রথম প্রতিপক্ষ হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এই হাই-ভোল্টেজ ম্যাচে জ্যাকির ‘স্পিরিট কোচিং’-এর প্রভাব কতটা পড়ে, সেটাই এখন দেখার বিষয়।