বাংলা জুড়ে রঙের উৎসবে মেতে উঠেছে মানুষ, বেলুড় থেকে কামাপুকুরে উৎসবের আয়োজন

আজ দোল উৎসব। আবিরের রঙে বসন্তকে বরণ করে নেওয়ার দিন। বাংলা জুড়ে রঙের উৎসবে মেতে উঠেছে মানুষ। আনন্দ, ভক্তি আর সম্প্রীতির এক অপূর্ব মেলবন্ধন।
বেলুড় মঠের দোল উৎসব
চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠে পালিত হচ্ছে দোল উৎসব। শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের। শ্রীচৈতন্যদেবের প্রতিকৃতির পায়ে আবির দিয়ে প্রণাম করেন মঠের সন্ন্যাসী, মহারাজ ও ভক্তরা। এরপর খোল-করতাল বাজিয়ে চলে মঠ প্রদক্ষিণ। সকাল ন’টা নাগাদ সন্ন্যাসীরা নৃত্য করতে করতে আবির ছড়িয়ে দেন। দূর-দূরান্ত থেকে আসা ভক্তরা এই উৎসবে অংশ নেন।
কামারপুকুরে ভক্তিমূলক আবহ
কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনেও দোল উৎসবের উন্মাদনা। সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড়। রামকৃষ্ণদেবের পুজোপাঠ, ভজন এবং একে অপরকে আবির মাখানোর মাধ্যমে উৎসব পালিত হয়। মহারাজরা খোল-করতালের তালে নেচে আবির ছড়ান। রাধাকৃষ্ণ ও গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতিমা সামনে রেখে বের হয় শোভাযাত্রা।
মায়াপুরের ইসকনে কৃষ্ণপ্রেমে রঙিন মুহূর্ত
মায়াপুরের ইসকন মন্দিরে শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৯ তম আবির্ভাব দিবস উপলক্ষে দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত সমবেত হয়েছেন। গৌড় পূর্ণিমা উৎসবে আবিরের পরিবর্তে কৃষ্ণপ্রেমে নিজেদের রাঙিয়ে নেওয়ার আয়োজন। সকালবেলার মঙ্গলারতির মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। দিনভর চলে বিশেষ পুজো ও হরিনাম সংকীর্তন।
কোচবিহারে মদনমোহনের দোলযাত্রা
কোচবিহারের মদনমোহন মন্দিরেও দোলযাত্রা উপলক্ষে ভক্তদের ঢল। মদনমোহন দেবকে আবির ছুঁয়ে প্রণাম করেন ভক্তরা। এরপর একে অপরের গায়ে আবির মেখে দোলের আনন্দে মাতেন।
দোল মানেই রঙের উৎসব, কিন্তু তার সঙ্গে মিশে থাকে ভক্তি ও ভ্রাতৃত্বের আবহ। বাংলা জুড়ে এই অনন্য উৎসব আজও একই উন্মাদনায় পালিত হচ্ছে।