ভুল নামে ডাকায় রণবীর কাপুরের রাগে ক্ষোভ, আমিরকে শান্ত করতে মাঠে তারকারা

গতকাল আলিয়া ভাট একটি ভিডিও শেয়ার করে সবাইকে জানিয়েছিলেন যে খুব শীঘ্রই রণবীর কাপুর এবং আমির খান একে অপরের বিরুদ্ধে যুদ্ধে নামবেন। ভিডিওটি দেখে অনেকেই ভেবেছিলেন হয়তো নতুন কোনও সিনেমার ঘোষণা আসবে, আবার কেউ কেউ মনে করেছিলেন এটি হয়তো কোনো মিউজিক ভিডিও সম্পর্কিত কিছু।
ভিডিওতে আলিয়া একটি বিরাট পোস্টার সামনে এনেছিলেন, যেখানে আমির খান এবং রণবীর কাপুরের ছবি ছিল এবং নিচে লেখা ছিল ‘AK Vs RK’। এই পোস্টার দেখে কৌতূহলী ভক্তরা অবাক হয়ে গিয়েছিলেন। আলিয়া আরো বলেছিলেন, “আগামীকাল, অর্থাৎ ১২ মার্চ আসল ঘটনা দেখতে পারবেন সবাই।”
এবং আলিয়ার কথামতোই, আজ ১২ মার্চ সোশ্যাল মিডিয়ায় আলিয়া একটি ভিডিও পোস্ট করেছেন, যেটি দেখে সবাই বুঝতে পারেন আসল ঘটনা কী। ভিডিওতে দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ আমির খানকে একটি ছবি তোলার অনুরোধ করেন। আমির খান সানন্দে সম্মতি জানান, তবে ঋষভ জানান যে তিনি আসলে রণবীর কাপুরের সঙ্গে ছবি তুলতে চান। আমির খান মজা করে বলেন, “ওকে, ছবি কেন, আমি বললে ও তোমাকে চুমুও দিয়ে দেবে।”
এখানে মজার টুইস্ট আসে, যখন আমির এবং ঋষভ রণবীরের কাছে যান, রণবীর আমিরকে নমস্কার জানান এবং আমির ঋষভকে জানান, “এটাই হল নতুন প্রজন্মের সবচেয়ে বড় তারকা, রণবীর সিং!” তবে রণবীর কাপুর তাতে কিছুটা রেগে যান এবং আমিরের পাশে দাঁড়িয়ে থাকা রোহিত শর্মা আমিরকে ফিসফিস করে জানান, “ও ‘সিং’ নয়, ‘কাপুর’।” এরপর আমির খান কিছুটা অপ্রস্তুত হয়ে বলেন, “ওই একই তো! দুজনেই হ্যান্ডসাম, দুজনেই খুব ভালো!”
এরপর, রণবীর কাপুর নিজের ক্ষোভ প্রকাশ করে হার্দিক পান্ডিয়াকে বলেন, “আমাকে সিং বললেন! এবার আমি যদি আমিরকে সলমন বলি?” আমির খান মজা করে বলেন, “তুমি আমাকে সলমন বলতেই পারো, তবে দয়া করে আরবাজ বলো না।”
এই পুরো ঘটনাটি যেন এক মজার ও হাস্যকর পরিস্থিতি তৈরি করে, যখন রণবীর আরও একবার বলে ওঠেন, “তিনি আমাকে হিংসা করেন, আসলে উনি শুধু খান, আর আমি খানদান!” এরপর জ্যাকি শ্রফের এক মন্তব্য, “বিরু টিসু দাও, ইস্যু দিও না,” পুরো পরিস্থিতিটিকে আরও মজাদার করে তোলে।
এতটা হাস্যরসের পর, আমির খান যখন বলেন, “এখনকার প্রজন্মের তারকাদের ইগো বক্স অফিসের কালেকশনের থেকেও বড়,” তখন রণবীর কাপুর আর নিজেকে ধরে রাখতে পারেননি এবং চিৎকার করে বলেন, “আমি শুনতে পাচ্ছি কালা নই।”
তবে আসল ঘটনা প্রকাশ্যে আসে যখন বোঝা যায় এই পুরো ভিডিওটি ছিল একটি ড্রিম ইলেভেনের বিজ্ঞাপন। এই ২ মিনিট ২৫ সেকেন্ডের বিজ্ঞাপনটি এত মজাদার ছিল যে, দর্শকরা একে নিয়ে প্রচুর মন্তব্য করেছেন। একজন লিখেছেন, “অসাধারণ লাগলো।” আরেকজন বলেছেন, “আন্দাজ আপনা আপনা সিনেমার কথা মনে পড়ে গেল।” কিছু দর্শক আবার বলেছেন, “আজকাল অভিনেতাদের থেকে ক্রিকেটাররা ভালো অভিনয় করেন।”
সব মিলিয়ে, এই মজার বিজ্ঞাপনটি নেটিজেনদের কাছে ব্যাপক প্রশংসা পেয়েছে।