Exclusive: পাকিস্তানে যেভাবে বন্দি করা হয় ট্রেনের যাত্রীদের, দেখেনিন সেই মুহূর্তের ভিডিও

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে গতকাল মঙ্গলবার একটি চলন্ত যাত্রীবাহী ট্রেন ছিনতাই করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) নামে একটি সশস্ত্র জঙ্গি গোষ্ঠী। জাফর এক্সপ্রেস নামের এই ট্রেনটি ছিনতাই করতে জঙ্গিরা রেললাইনে বোমা বিস্ফোরণ ঘটায় এবং ট্রেন লক্ষ্য করে গুলি চালায়। এই হামলায় ট্রেনের চালকসহ কয়েকজন যাত্রী আহত হন।

ট্রেনটি বেলুচিস্তানের কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার পেশওয়ারের উদ্দেশে যাচ্ছিল। এর ৯টি বগিতে ৪৫০ জনের বেশি যাত্রী ছিলেন। ঘটনাটি ঘটেছে বেলুচিস্তানের বোলান জেলার মুশকাফ এলাকায়, যা একটি পাহাড়ি ও নির্জন অঞ্চল।

ছিনতাইয়ের ভিডিও প্রকাশ
জঙ্গি গোষ্ঠীটি ট্রেন ছিনতাইয়ের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, ট্রেনটি একটি টানেল থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে রেললাইনে বিস্ফোরণ ঘটে এবং ট্রেনটি থেমে যায়। বিস্ফোরণের পর কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ সময় জঙ্গিরা পাহাড়ের বিভিন্ন স্থানে লুকিয়ে অবস্থান করছিল। তারা নিচে নেমে এসে গুলি ছুড়তে ছুড়তে ট্রেনের নিয়ন্ত্রণ নেয়। ভিডিওর পরবর্তী অংশে দেখা যায়, যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছে।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এ পর্যন্ত ১৯০ জন জিম্মিকে উদ্ধার করেছে বলে জানিয়েছে। অভিযানে ৩০ জনের বেশি জঙ্গিকে হত্যা করা হয়েছে। তবে এখনও কিছু যাত্রী জঙ্গিদের হাতে জিম্মি রয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। পাহাড়ি এলাকায় জঙ্গিদের অবস্থানের কারণে উদ্ধার অভিযান জটিল হয়ে পড়েছে।

জঙ্গিদের দাবি ও সরকারের প্রতিক্রিয়া
বেলুচ লিবারেশন আর্মি ট্রেনের যাত্রীদের জিম্মি করে কারাগারে আটক তাদের সদস্যদের মুক্তির দাবি জানিয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, দাবি না মানলে জিম্মিদের প্রাণনাশ করা হবে। তবে পাকিস্তান সরকার এই দাবির বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, “যারা সাধারণ মানুষকে জিম্মি করেছে, তাদের কাউকে কোনও ছাড় দেওয়া হবে না। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।”

বেলুচিস্তানের অস্থিরতা
বেলুচিস্তান পাকিস্তানের তেল ও খনিজ সম্পদে সমৃদ্ধ একটি প্রদেশ, তবে এটি দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কেন্দ্রবিন্দু। বেলুচ লিবারেশন আর্মি এই অঞ্চলের স্বাধীনতার দাবিতে সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে। তারা অভিযোগ করে, পাকিস্তান সরকার বেলুচিস্তানের সম্পদ লুট করছে, কিন্তু স্থানীয় জনগণের উন্নয়নে কোনও পদক্ষেপ নিচ্ছে না।

এই ঘটনা পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির ভঙ্গুরতা আরও একবার সামনে এনেছে। জঙ্গিদের সঙ্গে চলমান এই সংঘর্ষ কীভাবে সমাধান হয়, সেদিকে নজর রয়েছে বিশ্ব সম্প্রদায়ের।