“মার্কিন মদের ওপর ১৫০% শুল্ক ধার্য করা…” ফের একবার দিল্লিকে নিশানা ওয়াশিংটনের

ভারতের শুল্কনীতি নিয়ে বারবার সমালোচনা করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি দাবি করেছিলেন, ভারত মার্কিন পণ্যের ওপর শুল্ক কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। তবে মোদী সরকার স্পষ্ট জানিয়েছে, এখনো আলোচনা চলছে, তবে ওয়াশিংটনকে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে, মঙ্গলবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ফের ভারতের শুল্কনীতি নিয়ে প্রশ্ন তোলেন।
হোয়াইট হাউজের ব্রিফিংয়ে ক্যারোলিন লিভিট বলেন, “ভারত মার্কিন মদের ওপর ১৫০ শতাংশ শুল্ক ধার্য করেছে, যা কেন্টাকির বোরবন হুইস্কি রফতানিতে বড় বাধা তৈরি করছে। শুধু তাই নয়, ভারতের কৃষিপণ্যের ওপরও ১০০ শতাংশ শুল্ক রয়েছে।”
এর আগে, ট্রাম্প একাধিকবার ভারতের উচ্চ হারে ধার্য করা শুল্ক নিয়ে আপত্তি জানিয়েছেন। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল যখন মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লাটনিকের সঙ্গে বাণিজ্য আলোচনায় ব্যস্ত, তখনই শুল্ক ইস্যুতে ফের সরব হলেন ট্রাম্প ও ওয়াশিংটন প্রশাসন।
বিশেষজ্ঞদের মতে, এই শুল্ক হ্রাসের ফলে মার্কিন কোম্পানিগুলোর ভারতীয় বাজারে প্রবেশ সহজ হবে এবং ভোক্তাদের জন্যও পণ্যের দাম কিছুটা কমতে পারে।
ভারত যখন কৃষি ও বাণিজ্যে কিছু শুল্ক হ্রাসের পথে এগোচ্ছে, তখনই ট্রাম্প নতুন বিতর্ক উসকে দিয়েছেন।তিনি দাবি করেন, “ভারতকে কৃষিপণ্যের ক্ষেত্রে মার্কিন বাজারে প্রবেশাধিকার দিতে হবে”।অথচ, তিনিই আবার আমদানিকৃত কৃষিপণ্যকে “নোংরা” বলে কটাক্ষ করেন।
মার্কিন-ভারত বাণিজ্য সম্পর্ক নিয়ে বিতর্ক অব্যাহত থাকলেও ভারতের সাম্প্রতিক শুল্ক হ্রাসের সিদ্ধান্ত ইতিবাচক বার্তা দিচ্ছে। তবে এই ইস্যু যে সামনের দিনে আরও তীব্র হবে, তা বলাই বাহুল্য।