আমিরের সঙ্গে ‘শত্রুতা’ রণবীরের, গোপন খবর ফাঁস করলেন আলিয়া!

বলিউডের দুই সুপারস্টার আমির খান এবং রণবীর কাপুরের অনুরাগীদের জন্য সুখবর। আমিরের ‘পিকে’ সিনেমায় ক্যামিও চরিত্রে রণবীরকে দেখা গেলেও, এবার প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন এই দুই তারকা। মঙ্গলবার এমনটাই ইঙ্গিত দিয়েছেন রণবীরের স্ত্রী ও অভিনেত্রী আলিয়া ভাট, যিনি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে ভক্তদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছেন।

মঙ্গলবার ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে আলিয়াকে দেখা যায় একটি পোস্টার হাতে। ভিডিওতে তিনি বলেন, “আমি এটা অনেক দিন ধরে আপনাদের দেখানোর অপেক্ষায় ছিলাম। আমার দুই প্রিয় অভিনেতাকে একসঙ্গে দেখা যাবে, তাও একে অপরের বিরুদ্ধে।” এরপর তিনি পোস্টারটি প্রকাশ করেন, যেখানে আমির এবং রণবীরের ছবির সঙ্গে তাদের নামের আদ্যক্ষর ব্যবহার করে লেখা রয়েছে ‘একে ভার্সেস আরকে’। পোস্টারে আরও উল্লেখ আছে, ‘বছরের সবচেয়ে বড় শত্রুতা।’

ভিডিও থেকে জানা গেছে, এই প্রকল্পটি পরিচালনা করবেন ‘দঙ্গল’ খ্যাত পরিচালক নিতেশ তিওয়ারি। এই ঘোষণার পর থেকেই অনুরাগীদের মনে উত্তেজনা তুঙ্গে। তবে এটি কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র না বিজ্ঞাপনী প্রকল্প, তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানাননি আলিয়া। সূত্রের খবর, সম্ভবত আমির এবং রণবীর একটি নতুন বিজ্ঞাপনী ছবিতে একসঙ্গে কাজ করছেন। দুই অভিনেতাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় নন, তাই আলিয়াই তাদের হয়ে এই প্রচারণার দায়িত্ব নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

অনুরাগীদের মধ্যে এখন প্রশ্ন, আমির এবং রণবীর কীভাবে পর্দায় হাজির হবেন? তাদের এই ‘শত্রুতা’ কি সত্যিই বড় পর্দার কোনো গল্পে রূপ নেবে, নাকি এটি একটি বিজ্ঞাপনের অংশ? উত্তরের অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

বর্তমানে আমির খান তার প্রযোজিত ও অভিনীত ছবি ‘সিতারে জমিন পর’-এর মুক্তির প্রস্তুতিতে ব্যস্ত। অন্যদিকে, রণবীর কাপুর সঞ্জয় লীলা ভন্সালির পরিচালনায় ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির জন্য প্রস্তুতি শুরু করেছেন। এর মধ্যেই ‘একে ভার্সেস আরকে’ নিয়ে নতুন চমক দর্শকদের জন্য কী অপেক্ষা করছে, তা সময়ই বলে দেবে।

সামাজিক মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে আমির-রণবীরের জুটি নিয়ে চর্চা তুঙ্গে। অনুরাগীরা এই দুই প্রজন্মের তারকার একসঙ্গে কাজ করার সম্ভাবনায় উচ্ছ্বসিত। এটি যদি সত্যিই একটি সিনেমা হয়, তবে বলিউডে বছরের অন্যতম বড় ঘটনা হতে পারে এই সহযোগিতা।