SPORTS: শুরুতেই ৫ তারকা ক্রিকেটারকে পাচ্ছে না আইপিএল, দেখেনিন কোন কোন তারকা?

আর মাত্র দশ দিন বাকি। আগামী ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টাদশ আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এই মাঠেই ২৫ মে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। তবে এই উৎসবমুখর আসর শুরুর আগেই চোট ও অন্যান্য সমস্যায় শঙ্কায় পড়েছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।

কে কেন মাঠের বাইরে?
জাসপ্রিত বুমরাহ: ভারতের প্রিমিয়ার পেসার জাসপ্রিত বুমরাহ সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিঠের চোটের কারণে খেলতে পারেননি। একই সমস্যা তাকে আইপিএলের প্রথম দুই সপ্তাহ মাঠের বাইরে রাখবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। মুম্বাই ইন্ডিয়ান্স, যারা পাঁচবারের চ্যাম্পিয়ন এবং বুমরাহকে ১৮ কোটি রুপিতে ধরে রেখেছে, তার অনুপস্থিতিতে বড় ধাক্কা খেতে পারে।

মিচেল মার্শ: অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারও চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করেছেন পিঠের নিম্নাংশে ব্যথা ও শারীরিক সমস্যার কারণে। লখনউ সুপার জায়ান্টস তাকে ৩.৪০ কোটি রুপিতে দলে নিলেও, গত জানুয়ারি থেকে মাঠের বাইরে থাকা মার্শের আইপিএলের শুরুতে খেলা অনিশ্চিত। তার চোট নিয়ে এখনও কোনো নতুন আপডেট পাওয়া যায়নি।

জশ হ্যাজলউড: চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার পেস আক্রমণ ছিল চোটে জর্জরিত। প্রধান তিন পেসারের মধ্যে একজন জশ হ্যাজলউড মাংসপেশি ও ঊরুর সংযোগস্থলে চোট নিয়ে মাঠের বাইরে। আরসিবি তাকে ১২.৫০ কোটি রুপিতে দলে নিলেও, আইপিএলের প্রথম পর্বে তার খেলা নিয়ে সন্দেহ রয়েছে।

মায়াঙ্ক যাদব: গত আইপিএলে লখনউয়ের হয়ে ১৫০ কিলোমিটার গতির বেশি বল করে সকলের নজর কেড়েছিলেন তরুণ পেসার মায়াঙ্ক যাদব। অল্প সময়ে জাতীয় দলেও অভিষেক হয় তার। এবার ১১ কোটি রুপিতে তাকে ধরে রাখা লখনউয়ের জন্য দুঃসংবাদ, পিঠের নিচের বাঁ দিকে স্ট্রেসজনিত চোটে ভুগছেন মায়াঙ্ক। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আইপিএলের প্রথম পর্বে তিনি খেলতে পারবেন না।

হার্দিক পান্ডিয়া: চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হার্দিক পান্ডিয়া এবার চোটের কারণে নয়, শাস্তির কারণে আইপিএলের প্রথম ম্যাচ মিস করবেন। গত আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক থাকাকালীন স্লো ওভার রেটের জন্য তিনি এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। ২৩ মার্চ মুম্বাইয়ের প্রথম ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হবে দলটিকে।

অন্যান্য তারকারাও শঙ্কায়
এই আলোচিত নামগুলো ছাড়াও আরও কয়েকজন ক্রিকেটার চোটের সমস্যায় ভুগছেন। ইংল্যান্ডের তরুণ অলরাউন্ডার জ্যাকব বেথেল, যিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি, তাকেও ২.৬০ কোটি রুপিতে দলে নিয়েছে আরসিবি। হ্যামস্ট্রিং চোটে ভুগছেন তিনি, এবং তার আইপিএলে খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

দলগুলোর চিন্তা
চ্যাম্পিয়ন্স ট্রফির পরই আইপিএলের এই আসরে বড় তারকাদের চোটে পড়া ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য বড় চ্যালেঞ্জ। মুম্বাই, লখনউ, আরসিবি-সহ বেশ কয়েকটি দল তাদের মূল খেলোয়াড়দের অনুপস্থিতিতে কৌশল সাজাতে ব্যস্ত। তবে আইপিএলের উৎসাহ কমার কোনো লক্ষণ নেই। কলকাতার ইডেনে উদ্বোধনী ম্যাচের জন্য দর্শকরা মুখিয়ে রয়েছেন, যেখানে তারকাদের অনুপস্থিতি সত্ত্বেও রোমাঞ্চের কোনো কমতি থাকবে না বলেই প্রত্যাশা।