দুর্গাপুজোয় বড় পর্দায় ফিরছে ‘রক্তবীজ ২’, জোর কদমে চলছে শুটিং

এই বছরের দুর্গাপুজোয় বড় পর্দায় ফিরছে ‘রক্তবীজ ২’। প্রথম ছবির সাফল্যের পর এবার আরও বড় চমক নিয়ে আসছেন পরিচালকদ্বয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। মুখ্য চরিত্রে থাকছেন আবীর চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী এবং বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়।
প্রজাতন্ত্র দিবসে প্রকাশিত হয়েছিল ছবির প্রথম মোশন পোস্টার, যা ইতিমধ্যেই দর্শকদের কৌতূহলী করে তুলেছে। এবার ১১ মার্চ থেকে শুরু হলো ছবির শুটিং। দক্ষিণ কলকাতার রানিকুঠি অঞ্চলে ক্যামেরা চালু হয়েছে, যেখানে শুটিংয়ের ব্যস্ততা এখন তুঙ্গে। সূত্রের খবর, রানিকুঠির মোড়ে দাঁড়ালেই শোনা যাচ্ছে নন্দিতা-শিবপ্রসাদের সেই চেনা কণ্ঠে জোর গলায় ‘লাইট, ক্যামেরা, অ্যাকশন’!
আরও বড় ক্যানভাসে ‘রক্তবীজ ২’
‘রক্তবীজ’ ছবির সাফল্যের পর এবার আরও বিস্তৃত পরিসরে তৈরি হচ্ছে সিক্যুয়েল। পরিচালকদের কথায়, ‘বহুরূপী’-র শুটিং হয়েছিল ৮৪টি লোকেশনে, কিন্তু ‘রক্তবীজ ২’-এর শুটিং হবে আরও বেশি জায়গায়। তবে এবার ক্যামেরার সামনে নয়, পুরোপুরি পরিচালকের আসনেই থাকবেন শিবপ্রসাদ।
বিশেষ চরিত্রে সীমা বিশ্বাস
এই ছবির অন্যতম আকর্ষণ জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সীমা বিশ্বাস। ‘ব্যান্ডিট কুইন’ ছবিতে ফুলন দেবীর চরিত্রে তাঁর দুরন্ত অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। ‘রক্তবীজ ২’-তে তাঁর চরিত্রটি অত্যন্ত চ্যালেঞ্জিং, বলে জানিয়েছেন শিবপ্রসাদ।
এখন দেখার, প্রথম ছবির মতো ‘রক্তবীজ ২’-ও দর্শকদের মধ্যে একই উন্মাদনা তৈরি করতে পারে কি না! পুজোর মরসুমে যে বড়সড় চমক অপেক্ষা করছে, তা বলার অপেক্ষা রাখে না।