মরিশাস সফরে মোদী, দ্বীপরাষ্ট্রের মাটিতে লাগালেন গাছ

মরিশাস সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে পোর্ট লুইসে পৌঁছন তিনি। মরিশাসের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন মোদী। সফরের শুরুতেই মরিশাসের এসএসআর বোটানিক্যাল গার্ডেনে গিয়ে একটি বেল গাছ রোপণ করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম।

প্রায় ৯ বছর পর দ্বীপরাষ্ট্রে সফরে এলেন মোদী। সফরকালে ২০টিরও বেশি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এর মধ্যে রয়েছে সিভিল সার্ভিস কলেজ ভবন, ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এরিয়া হেলথ সেন্টার, এবং একাধিক ক্রীড়া পরিকাঠামোসহ ২০টি কমিউনিটি প্রকল্পের ই-উদ্বোধন।

নবীন রামগুলামের আমন্ত্রণেই মরিশাস সফরে গিয়েছেন মোদী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মরিশাসের শীর্ষ আধিকারিক ও প্রায় ২০০ জন কূটনীতিক। সফর শুরু করে এক্স-এ মোদী লেখেন, “পরম বন্ধু নবীনচন্দ্র রামগুলামের উষ্ণ অভ্যর্থনায় আমি আপ্লুত। এই সফর দুই দেশের বন্ধুত্ব আরও দৃঢ় করবে।”