রাজ্যে বন্ধ হতে পারে পানীয় জলের স্ট্যান্ড পোস্ট, অপচয় রুখতে কড়া পদক্ষেপ মেয়রের

রাজ্যের পুর এলাকায় থাকা পানীয় জলের স্ট্যান্ড পোস্টগুলি ধাপে ধাপে তুলে দেওয়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার। মূল কারণ—এই পোস্টগুলির কল ভেঙে ফেলে জল অপচয়ের ঘটনা ক্রমশই বাড়ছে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বিধানসভায় জানিয়েছেন, ৭৩ হাজার স্ট্যান্ড পোস্ট সরিয়ে ফেলার পরিকল্পনা চলছে।

শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বিধানসভায় অভিযোগ করেন, পুর এলাকায় জলের অপচয় ব্যাপক হারে হচ্ছে, কারণ বহু স্ট্যান্ড পোস্টে কল নেই। এই প্রসঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম জানান,“যে পরিমাণ পানীয় জল অপচয় হয়, তা দিয়ে জলের সংকটে থাকা এলাকাগুলিকে সাপ্লাই দেওয়া সম্ভব। কিন্তু বাসিন্দারাই অনেক জায়গায় কল ভেঙে দিচ্ছেন, ফলে জল অপচয় হচ্ছে। তাই এই স্ট্যান্ড পোস্ট তুলে দেওয়া হবে।”

ফিরহাদ হাকিম আরও জানান, রাজ্যের ৬৪ লক্ষ বাড়িতে ইতিমধ্যেই পানীয় জল পৌঁছে গিয়েছে এবং মার্চ মাসের মধ্যেই আরও ১১.৮২ লক্ষ বাড়িতে জল পৌঁছবে। তাই স্ট্যান্ড পোস্ট আর রাখার প্রয়োজন নেই। মন্ত্রীর কথায়,“রাজ্য সরকারের নীতি হচ্ছে স্ট্যান্ড পোস্ট কমানো। কারণ এখন প্রায় সব বাড়িতেই পানীয় জল পৌঁছে গেছে। প্রয়োজন হলে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক তৈরি করা হোক। কিন্তু কল ভেঙে যদি জল নষ্টই হয়, তাহলে স্ট্যান্ড পোস্ট রাখা হবে কেন?”

রাজ্যে পানীয় জলের উপর কোনও কর নেই। কিন্তু জল উৎপাদনের খরচ তিনগুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।
তিনি বলেন,“জল হল জীবন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, পানীয় জলের জন্য কোনও কর নেওয়া হয় না। কিন্তু উৎপাদন খরচ অনেক বেড়েছে। তাই জলের অপচয় রোধে স্ট্যান্ড পোস্ট সরিয়ে ফেলা ছাড়া অন্য উপায় নেই।”

এই ঘোষণার ফলে পুর এলাকার নাগরিকদের কী বিকল্প পানীয় জল পরিষেবা দেওয়া হবে, তা নিয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।