DAEI সদস্যদের মেডিকেল কার্ড নেই, তবে সভাপতির কীভাবে মিলল? ক্ষোভে ফুঁসছেন পরিচালকরা!

নতুন গিল্ড DAEI-এর অবস্থা ক্রমশ জটিল হয়ে উঠছে। একের পর এক নামী পরিচালক পুরনো গিল্ড EIMPD-তে ফিরে যাচ্ছেন, আর যাঁরা এখনো রয়ে গেছেন, তাঁরা ক্ষোভ, হতাশা, আর বীতশ্রদ্ধতায় দিশেহারা।
পরিচালকদের ক্ষোভের মূল কারণ কী?
পরিচালকদের অভিযোগ, DAEI-এর সব সিদ্ধান্ত তাঁদের না জানিয়ে নেওয়া হচ্ছে। সম্পাদক সুদেষ্ণা রায় ও সভাপতি সুব্রত সেনকে ঘিরে ক্ষোভ জমছে। এক পরিচালক সরাসরি গিল্ডের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছেন—
“মাননীয়া সম্পাদক, আমাদের ভবিষ্যৎ নিয়ে আপনারা কী ভাবছেন, দয়া করে জানান। আমাদের অস্তিত্ব সংকটে!”
পরিচালক দেবজ্যোতি ঘোষালও অভিযোগ করে বলেন—
“দিনের পর দিন ধৈর্য ধরতে বলা হয়েছে। বলা হয়েছে, নিশ্চয়ই কিছু হবে, আমরা চুপ করে ছিলাম। এখন দেখি, সব শেষের পথে!”
মেডিকেল কার্ড বিতর্ক
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন জানা যায় যে DAEI-এর পক্ষ থেকে সদস্যদের জন্য মেডিকেল কভারেজের আবেদন করা হয়নি। অথচ পুরনো গিল্ড EIMPD-এর সদস্যরা ইউনিক কার্ড ও স্বাস্থ্য কার্ড পাচ্ছেন। এমন পরিস্থিতিতেই সুব্রত সেন FCTWEI-এর হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখেন—
“আপনারা সবাই এ বছর স্বাস্থ্য কভারেজ পেয়েছেন? আমরা পেয়ে গেছি!”
এই বক্তব্যেই চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে DAEI পরিচালকদের মধ্যে। তাঁদের প্রশ্ন— যেখানে কোনো মেডিকেল কার্ডের আবেদনই করা হয়নি, সেখানে সভাপতি কীভাবে নিশ্চিত করলেন যে তাঁরা কভারেজ পেয়েছেন?
‘নির্লজ্জ!’ বললেন পরিচালক অনুপম চক্রবর্তী
পরিচালক অনুপম চক্রবর্তী এই ঘটনা নিয়ে একটি ভয়েস নোট পাঠান গিল্ড গ্রুপে—
“কী নির্লজ্জ ব্যাপার! আমরা এখনো মেডিকেল কার্ড পেলাম না, অথচ তিনি বলছেন, আমরা কভারেজ পেয়ে গেছি! তাহলে আমরা যারা বাকি সদস্য, আমাদের কী হবে?”
‘দ্য ওয়াল’-এর পক্ষ থেকে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন—
“আমাদের কোনও ইউনিক কার্ড নেই, চার বছরে কিচ্ছু হয়নি। এখন বলা হচ্ছে, ইউনিক কার্ড ছাড়া পরিচালনা করা যাবে না! তাহলে আমাদের ভবিষ্যৎ কী? DAEI সভাপতি এতটা নির্লজ্জ হতে পারেন?”
প্রতিক্রিয়া এড়িয়ে গেলেন সভাপতি
এই বিতর্কের মধ্যে যখন সুব্রত সেনের কাছে ফোন করা হয়, তিনি বলেন—
“আমার কোনও মন্তব্য নেই, যতক্ষণ না এক্সিকিউটিভ কমিটির মিটিং হয়। তারপর সিদ্ধান্ত জানাব।”
কিন্তু প্রশ্ন উঠছে, যখন পরিচালকেরা হতাশ, যখন গিল্ড ছেড়ে অনেকে বেরিয়ে যাচ্ছেন, তখন সভাপতি কি চুপ করে থাকতে পারেন? তাঁর দায়িত্ব কি এতটাই সীমাবদ্ধ?
DAEI-এর ভবিষ্যৎ এখন গভীর অনিশ্চয়তার মুখে। পরিচালকদের একাংশ মনে করছেন, তাঁরা প্রতারিত হয়েছেন। সংগঠনের অভ্যন্তরীণ অব্যবস্থাপনার কারণে হয়তো শীঘ্রই পুরো গিল্ডটাই অস্তিত্ব হারাতে বসেছে।